শিবিরের সভাপতি দুই মামলায় ১৪ দিনের রিমান্ডে
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. দেলাওয়ার হোসেনসহ তিনজনকে দুটি মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। অন্য দুজন হলেন দেলাওয়ারের ভাগনি জামাই মাহমুদ হাসান ওরফে সুমন ও ভাগনে শোয়েব সরকার। ঢাকার মহানগর হাকিম হারুন-অর-রশিদ গতকাল সোমবার এ তিনজনকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। একই সঙ্গে আদালত তাঁদের জামিনের আবেদন নাকচ করেন।মোহাম্মদপুর এসআই মো. আফজাল হোসেন ও উপপরিদর্শক মাহবুবুর রহমান গতকাল আসামিদের আদালতে হাজির করে দুটি মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রতিটি মামলায় তাঁদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়, এই তিন আসামি এজাহারে উল্লিখিত অন্য আসামিদের সহায়তায় গত ২৮ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডে হরতালের সমর্থনে জঙ্গি মিছিল, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ এবং গাড়ি ভাঙচুর করে জনমনে ত্রাস সৃষ্টি করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।শিবিরের সভাপতি দেলাওয়ারকে গত রোববার শ্যামলী থেকে গ্রেপ্তার করা হয়। পরে অপর দুজনকে গ্রেপ্তার করা হয়।