শিবিরের সভাপতিসহ ১৯ জন পাঁচ দিনের রিমান্ডে
রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার হওয়া ছাত্রশিবিরের সভাপতি মোতাহের হোসেনসহ ১৯ জনকে বিস্ফোরক মামলায় পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মনিবুল ইসলাম গ্রেপ্তার ১৯ জনকে আদালতে হাজির করে প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম ওয়াজ কুরুনী খান চৌধুরী শুনানি শেষে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড পাওয়া ব্যক্তিরা হলেন খিলগাঁও থানা শিবিরের সভাপতি মোতাহের হোসেন, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, মনিরুল ইসলাম, ইসমাইল হোসেন, কাউসার আহম্মেদ, আলাউদ্দিন খলিফা, রবিউল ইসলাম, ফয়সাল হোসেন, ইসমাইল, সুমন মিয়া, হাবিবুর রহমান, কামরুজ্জামান, রাসেল রানা, মো. সাইফুল্লাহ, আবসার আলী, মনিরুল ইসলাম, রুমান মোল্লা, শাহ আলম ও মনির হোসেন।
গত সোমবার ও মঙ্গলবার খিলগাঁও থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে জিহাদি বই, কম্পিউটার, সাতটি ককটেল, চারটি চাপাতি ও বিভিন্ন দলিল উদ্ধার করা হয়।