শিবিরের সড়ক অবরোধের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে আজ শুক্রবার সকালের দিকে শিবিরের এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে শিবিরের কর্মীরা শহরের মদিনা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় তাঁরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এতে ফেনী-কুমিল্লা সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শিবিরের কর্মীরা শহরের মদিনা বাসস্ট্যান্ডসংলগ্ন ফালাহিয়া এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেন। এ খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাঁদের কোনো ধরনের সভা-সমাবেশ না করে চলে যেতে বলে এবং শিবিরের শহর শাখার প্রকাশনা সম্পাদক নাজমুল আহসানকে (২৭) আটক করে। এর কিছুক্ষণ পর শিবিরের কর্মীরা আবারও জড়ো হয়ে ফেনী-কুমিল্লা সড়কের মদিনা বাসস্ট্যান্ড এলাকায় গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করেন এবং অন্তত ১৪-১৫টি ককটেলের বিস্ফোরণ ও বেশ কিছু চকলেট বাজি ফাটিয়ে আতঙ্কের সৃষ্টি করেন। পরে পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শামসুল আলম সরকার জানান, অবৈধভাবে সমাবেশের চেষ্টা করায় ছাত্রশিবিরের এক নেতাকে আটক করা হয়েছে।