সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রশিবিরের ডাকা লাগাতার ছাত্র ধর্মঘট ও হরতাল কর্মসূচি স্থগিত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আসাদুজ্জামানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। তারা সভাপতিসহ শিবিরের ১৪ নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ওই কর্মসূচি পালন করছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থী ও সিলেটে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনকে সহযোগিতা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে পূর্ব ঘোষিত লাগাতার ছাত্র ধর্মঘট স্থগিত করা হয়েছে। এ ছাড়া ভর্তি পরীক্ষার আগের দিন ২০ মার্চ ও ভর্তি পরীক্ষার দিন ২১ মার্চ হরতালের কর্মসূচিও স্থগিত করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ১২ ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য চেতনা ’৭১-এ হামলা ও ভাঙচুরের প্রতিবাদে পরদিন ক্যাম্পাসে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে চেতনা ’৭১-এর পাদদেশে সমাবেশের সময় ছাত্রশিবিরের ২০-২৫ জন ক্যাডার রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ধাওয়া করে। এ সময় শিবির ক্যাডাররা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে চেতনা ’৭১-এর সামনে থাকা সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষকের মোটরসাইকেল ও দুটি বাইসাইকেলে আগুন দিয়ে শিবির ক্যাডারেরা ক্যাম্পাস ত্যাগ করে। এ ঘটনায় পুর ও পরিবেশ কৌশল বিভাগের প্রধান জহির বিন আলমকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কমিটি বিভিন্ন অনুসন্ধান, ভিডিওচিত্রসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ১৪ শিবির নেতা-কর্মীর বিরুদ্ধে তথ্যপ্রমাণ পায় এবং তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ করে। গত ৩০ জানুয়ারি শৃঙ্খলা বোর্ডের সভায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে প্রথমে ওই ১৪ জনকে সাময়িক বহিষ্কার করা হয়। পরে তাঁদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়।