শিবিরের হামলায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলা শহরে গত ২৫ অক্টোবর পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় আহত পুলিশ সদস্য আজিজুর রহমান (৪৮) মারা গেছেন।
গত বুধবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজিজুরের মৃত্যু হয়। তিনি রংপুর রেঞ্চ রিজার্ভ ফোর্সের সদস্য (কনস্টেবল নম্বর ৪২৮) ছিলেন। এদিকে ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ বুধবার রাতে শিবিরের দুজন কর্মীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ অক্টোবর পেট্রলপাম্প এলাকা থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা লাঠিমিছিল নিয়ে জলঢাকা শহরের দিকে এগোতে থাকলে পুলিশ তাতে বাধা দেয়। তখন মিছিলকারীরা সেখানে তিনটি গাড়ি ভাঙচুর করেন এবং একটি গাড়ি পুড়িয়ে দেন। পরে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে মোসলেম উদ্দিন নামের শিবিরের এক কর্মী নিহত এবং পুলিশের পাঁচ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হন। আজিজুর রহমানকে ওই দিন রংপুর মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রংপুর রেঞ্চ রিজার্ভ কার্যালয়ের পুলিশ পরিদর্শক মো. বেলাল হোসেন বলেন, হাসপাতাল থেকে ৪ নভেম্বর চিকিৎসকেরা আজিজুর রহমানকে ছাড়পত্র দিয়ে বিশ্রামে থাকার পরামর্শ দেন। বুধবার আবারও তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পুনরায় ভর্তি হন। সেখানে রাত ১২টার দিকে তিনি মারা যান।
জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান বলেন, বুধবার রাতে উপজেলার আদর্শপাড়া স্কুলের ভেতর শিবিরের বেশ কয়েকজন কর্মী গোপন বৈঠক করছিলেন। তখন পুলিশ অভিযান চালিয়ে মনিরুজ্জামান ও আসাদুল ইসলাম নামের শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করে। অপর পাঁচজন পালিয়ে যান। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ২৫ অক্টোবর পুলিশের ওপর হামলা চালানো মামলার আসামি। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।