শিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ
রংপুরের কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের সন্ত্রাসীদের হামলায় ছাত্রলীগের নেতার হাত-পায়ের রগ কর্তনের ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় শিবিরের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার ক্যাম্পাসে পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট, ছাত্রলীগ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
গতকাল কলেজের প্রশাসনিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রগতিশীল ছাত্রজোটের নেতারা বলেন, কলেজপাড়া ও দর্শনা মোড়ের আবাসিক মেসগুলোর বেশির ভাগই ছাত্রশিবিরের নিয়ন্ত্রণে। সম্প্রতি দেশব্যাপী ছাত্রশিবিরের সহিংস ঘটনার সময় গ্রেপ্তারের আতঙ্কে এসব মেসের আবাসিক ছাত্ররা পালিয়ে ছিলেন। ছাত্রশিবিরের নেতা-কর্মীরা আবারও এলাকায় ফিরে এসে ছাত্রলীগের এক নেতার হাত-পায়ের রগ কেটে দেন। তাঁরা কলেজকে আবারও অস্থিতিশীল করে তোলার অপচেষ্টা চালাচ্ছেন। রংপুরে খালেদা জিয়ার সমাবেশ ঘিরে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা আশপাশের মেসগুলোতে আবারও সক্রিয় হয়ে উঠেছেন বলে বক্তারা অভিযোগ করেন।
পৃথক সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কলেজ শাখার সাধারণ সম্পাদক আবু রায়হান অভিযোগ করেন, পুলিশ ছাত্রশিবিরের ক্যাডারদের এখনো গ্রেপ্তার করতে পারেনি। তারা কলেজ ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এর ফলে যেকোনো সময় কলেজে আবারও সহিংস ঘটনা ঘটতে পারে।
কলেজের অধ্যক্ষ শাহ মো. মোকসেদ আলী বলেন, কলেজের পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা বলেন, কলেজের চারপাশের আবাসিক মেসগুলোতে অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবাই শিবিরের কর্মী।
ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি রাফিউর রহমান বিক্ষোভ সমাবেশে বলেন, কলেজের সুস্থ পরিবেশকে আবারও অশান্ত করে তুলেছে ছাত্রশিবির। তিনি অবিলম্বে শিবিরের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।
১১ সেপ্টেম্বর ছাত্রলীগের কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেনের ওপর হামলার ঘটনায় শিবিরের কলেজ শাখার সভাপতি আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদকে আসামি করে অজ্ঞাতনামা আরও ১৫০ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে ছাত্রলীগ। মোশাররফ বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।