শিবিরের হামলায় ছাত্রলীগ নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মো. আনোয়ার হোসেন (২৪) নামের ছাত্রলীগের এক নেতাকে জুমার নামাজ শেষে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে আহত করেছে শিবিরের সন্ত্রাসীরা।
গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে সাতকানিয়া পৌরসভার ভোয়ালিয়াপাড়ার আজগরি কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে। আনোয়ার স্থানীয় সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। আনোয়ার বর্তমানে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন। তিনি জানান, ভোয়ালিয়াপাড়ার মাঝের মসজিদে জুমার নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে শিবিরের চিহ্নিত সন্ত্রাসীরা তাঁকে ধরে আজগরি কবরস্থানের পাশে নিয়ে গিয়ে হকিস্টিক ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।
এ ঘটনার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের কর্মীরা গতকাল সন্ধ্যায় কিছুক্ষণের জন্য সাতকানিয়া-বাঁশখালী সড়ক অবরোধ করে রাখেন। স্থানীয় ব্যবসায়ীদের অনুরোধে তাঁরা অবরোধ তুলে নিয়ে সাতকানিয়ার প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে জামে মসজিদ মোড়ে সমাবেশ করেন।