শিবিরের হামলায় ছাত্রলীগের কর্মী গুরুতর জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রশিবিরের হামলায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। আহতের নাম রুহুল আমিন। তিনি ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী।প্রত্যক্ষদর্শী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রুহুল আমিন ইংরেজি বিভাগ থেকে এক শিক্ষকের সঙ্গে বের হয়ে আসছিলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে মুখোশ পরা পাঁচ-ছয়জন শিবির ক্যাডার রুহুলকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রুহুলের চিৎকারে আশপাশ থেকে ছাত্রলীগের কর্মীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ছাত্রলীগের কর্মীরা রুহুলকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সযোগে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা রাত সোয়া ১০টার দিকে জানিয়েছেন, হামলায় রুহুলের পিঠে, হাঁটুর নিচে, হাতের আঙুলসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে। তাঁর শরীরে অস্ত্রোপচার চলছে।মুঠোফোনে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিলয় চন্দ্র সরকার বলেন, ‘হামলার শিকার রুহুলের শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়েছে। হাসপাতালে তাঁর অস্ত্রোপচার চলছে। হাসপাতালে আসা শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন, রুহুলের ওপর পাঁচ-ছয়জন শিবির ক্যাডার হামলা করেছে।’বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি অঞ্জন রায় বলেন, ‘ছাত্রশিবিরের ক্যাডাররা রুহুলের ওপর হামলা চালিয়েছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুর্বল কমিটি হওয়ার সুযোগে শিবির ক্রমাগতভাবে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা করছে।’এ ব্যাপারে কথা বলতে একাধিকবার চেষ্টা করেও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হুসেইন আহমদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।