লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স বাজারে শনিবার রাত সাড়ে সাতটায় ছাত্রশিবিরের কর্মীদের হামলায় উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহজাহান এবং হাজিরহাট উপকূল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. টিপু গুরুতর আহত হন। আহত ওই দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, অবস্থার অবনতি হওয়ায় টিপুকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ওই ঘটনার পর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা বিএনপির চরলরেন্স আঞ্চলিক কার্যালয় ও স্থানীয় জিয়া সঞ্চৃতি সংসদ কার্যালয় ভাঙচুর করেছেন বলে উপজেলা বিএনপির সদস্যসচিব নুরুল হুদা চৌধুরী অভিযোগ করেন। ওই সময় চরলরেন্স বাজারের সাত-আটটি দোকানের সার্টারও ভাঙচুর করা হয় বলে দাবি করেন তিনি।
হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন জানান, শাহজাহান ও টিপুকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার প্রতিবাদে দলীয় কর্মীরা ঘটনাস্থলে বিক্ষোভ করেছেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, হরতাল-অবরোধ ও সংসদ নির্বাচনে নাশকতা সৃষ্টি, বিস্ফোরক ব্যবহার ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ২০টি মামলায় অভিযুক্ত উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সাহাব উদ্দিনকে গতকাল (শনিবার) দুপুরে গ্রেপ্তার করা হয়। এর জের ধরে ছাত্রশিবিরের কর্মীরা রাতে চরলরেন্স বাজারে যুবলীগ ও ছাত্রলীগের ওই দুই নেতার ওপর হামলা করেন। এতে তাঁরা গুরুতর আহত হন। এর প্রতিবাদে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা বিক্ষোভ করেন।
ওসি মো. হুমায়ুন কবির আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিএনপির কার্যালয় ও জিয়া সঞ্চৃতি সংসদ ভাঙচুর এবং বাজারের দোকানপাটে হামলার ঘটনা সম্পর্কে তিনি বলেন, ওই ঘটনায় কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।