শিবিরের হামলায় যুবলীগ নেতা আহত
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল বাংলাবাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শিবিরের সন্ত্রাসীদের ধারালো অস্ত্র ও হকিস্টিকের আঘাতে গুরুতর আহত হয়েছেন সরফুদ্দিন খোকা (২৭)। এ সময় খোকার মোটরসাইকেলটিতে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেওয়া হয়।
খোকা সোনাকানিয়া ইউনিয়নের ছোট হাতিয়া জমাদারপাড়া এলাকার সামসুল ইসলামের ছেলে ও উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তাঁকে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খোকা তাঁর মোটরসাইকেলটি বাংলাবাজার এলাকার একটি গ্যারেজে মেরামত করার জন্য নিয়ে যাওয়ার সময় সেখানে ওত পেতে থাকা শিবিরের মুখোশ পরা সন্ত্রাসীরা মোটরসাইকেলের গতি রোধ করে খোকার ওপর ধারালো ছুরি ও হকিস্টিক দিয়ে উপর্যুপরি আঘাত করে ও তাঁর মোটরসাইকেলটি জ্বালিয়ে দেয়।
এ ব্যাপারে শিবিরের উপজেলা সভাপতি মো. ইমরান বলেন, শিবির এ ঘটনায় জড়িত নয়। আগামী ৫ জানুয়ারি নির্বাচন বন্ধ করার জন্য এলাকাবাসী যুবলীগের নেতাকে পিটিয়েছেন।
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী বলেন, মুখোশ পরা শিবিরের সন্ত্রাসীরা খোকার ওপর ধারালো অস্ত্র, কিরিচ, হকিস্টিক ও রড দিয়ে আঘাত করে আহত করেছে এবং তাঁর মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে। খোকা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন বলেন, ‘বাংলাবাজার এলাকায় যুবলীগের এক কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে শুনেছি। এ ব্যাপারে পুলিশ ঘটনাস্থলে গেছে।’