শিবিরের হামলায় যুবলীগের কর্মী ও দুই সাংবাদিক আহত
নোয়াখালীর সেনবাগে শিবিরের কর্মীদের হামলায় যুবলীগের কর্মী ও স্থানীয় সাপ্তাহিক অধিকার পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদক আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে সেনবাগ ও সাতবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।হামলায় গুরুতর আহত যুবলীগের কর্মী সামছুল আরেফিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সাপ্তহিক অধিকার পত্রিকার প্রকাশক ও সম্পাদক গোলাম মোর্তুজাকে শহরের মদিনা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া একই পত্রিকার বার্তা সম্পাদক আবদুল জলিলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার শিবিরের ডাকে হরতাল চলাকালে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের সাতবাড়িয়া বাজারে যুবলীগের কর্মী সামছুল আরেফিনের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনার জের ধরে গতকাল বেলা একটার দিকে শিবিরের কর্মী এইচএসসি পরীক্ষার্থী গোলাম ছারওয়ারকে ধরে থানায় সোপর্দ করা হয়। এরপর যুবলীগের কর্মী আরেফিন থানা থেকে বের হয়ে পূর্ব বাজারে গেলে শিবিরের একদল কর্মী তাঁর ওপর অতর্কিতে হামলা চালান। তাঁরা এ সময় আরেফিনকে কিল-ঘুষি মেরে ও পিটিয়ে গুরুতর আহত করেন। এ ঘটনার পর বেলা আড়াইটার দিকে সাতবাড়িয়া বাজারে শিবিরের একদল কর্মী সাংবাদিক গোলাম মোর্তুজা ও আবদুল জলিলের ওপর রড ও লাঠি নিয়ে হামলা চালান। এতে গোলাম মোর্তুজা গুরুতর এবং আবদুল জলিল সামান্য আহত হন।