রংপুর মেডিকেল কলেজের জিয়া ছাত্রাবাসে হামলার ঘটনায় ছাত্রশিবিরের ১১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।গত সোমবার রাতে ছাত্রাবাসের কক্ষ দখলকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে ভাঙচুরের ঘটনার অভিযোগে ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক চিকিত্সক সারোয়ার হোসেন গত মঙ্গলবার এই মামলা করেন। এদিকে সোমবার মধ্যরাতে ছাত্রাবাস থেকে পুলিশ ৩৯ জনকে আটক করে। এঁদের মধ্যে ৩৪ জনকে মঙ্গলবার রাতে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য পাঁচজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা মেডিকেল কলেজ শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মী। এঁরা হলেন—সালাউদ্দিন আহমেদ, আরিফ হাসান, আল আমিন, মোবাশ্বের হোসেন ও আলাউদ্দিন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, ‘অধ্যক্ষের অনুরোধে আটক শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ১১ জনকে আসামি করে মামলা করেছেন। ওই মামলায় আটক পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’কলেজ সূত্রে জানা গেছে, জিয়া ছাত্রাবাসের কয়েকটি কক্ষ ছাত্রলীগের নেতা-কর্মীদের নামে বরাদ্দ দেওয়া হয়। তাঁরা সোমবার রাতে কক্ষে উঠতে গেলে সংঘর্ষ বাধে। মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘ছাত্রশিবির ছাত্রাবাসের তিনতলার কয়েকটি কক্ষ ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা চালায়। এটি প্রতিহত করতে সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে যায়।’গ্রেপ্তার হওয়া ছাত্রশিবিরের সভাপতি সালাউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা আমাদের কক্ষে ছিলাম। পুলিশ ধরে নিয়ে আসে।’ কলেজের অধ্যক্ষ আবদুর রউফ বলেন, ‘শিবির নামধারী কর্মীরা হঠাৎরাতে স্লোগান দিয়ে মারমুখী হলে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে।’কলেজের জিয়া ছাত্রাবাসের কক্ষ দখলকে কেন্দ্র করে সোমবার মধ্যরাতে শিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হন। এ সময় ছাত্রবাসের তিনতলার সাতটি কক্ষের জানালা-দরজা ও মালামাল ভাঙচুর করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ৩৯ জন শিক্ষার্থীকে আটক করে।