চট্টগ্রাম নগরের মুরাদপুর থেকে গ্রেপ্তার হওয়া ছাত্রশিবিরের ১২ ক্যাডারকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। গত বুধবার রাতে একটি মেস থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা সবাই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এ অভিযানে গোলাবারুদ ও বিপুলসংখ্যক জিহাদি বই জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ১২ ক্যাডার হলেন মোহাম্মদ শামীম (২০), আবু বকর (১৯), মো. ইকবাল ফারুক (২০), আতাহার শিহাব (১৯), আমীরুল ইসলাম (১৯), ওমর ফারুক (১৯), মো. শাহেদুল ইসলাম (২০), মো. ওমর ফারুক (২০), আবদুল্লাহ আল মাসুম (১৮), রবিউল আলম (২০), সরওয়ার জামিল (২০) ও মোহাম্মদ রুবেল (২৫)। শিবিরের এই ১২ ক্যাডারকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ শুক্রবার বা কাল শনিবার রিমান্ডের শুনানি হতে পারে। ১২ জনের বিরুদ্ধেই অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা হয়েছে।পুলিশ সূত্র জানায়, জনৈক হাজি আবদুল হামিদের চারতলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলার চারটি ফ্ল্যাট ভাড়া নিয়ে শিবিরের ক্যাডাররা অস্ত্র ও গোলাবারুদ ছাড়াও বিপুলসংখ্যক জিহাদি বই, প্রচারপত্র ও পোস্টারের মজুদ গড়ে তোলে। বুধবার রাতে অভিযানের পরই বাড়ির মালিক আবদুল হামিদ পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। পাঁচলাইশ থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘হাজি আবদুল হামিদের চারটি ফ্ল্যাট ভাড়া নিয়ে শিবিরের ক্যাডাররা দীর্ঘদিন অবস্থান করে আসছিল। সেখানে বোমা তৈরির যে সরঞ্জাম পাওয়া গেছে, তা ভয়াবহ। কারণ সিসার তৈরি বোমার বিস্ফোরণ ঘটানো হলে মৃত্যুর আশঙ্কা সবচেয়ে বেশি। অভিযানে সেখান থেকে প্রচুর সিসা জব্দ করা হয়েছে। এ ছাড়া অকটেন, পাঁচটি চাপাতি, সাতটি লাঠি, চারটি লোহার রড, ৪২টি চকলেট বোমা, কাচের টুকরো, গাড়ির টায়ারও আমরা জব্দ করেছি।’পুলিশ সূত্র জানায়, হাজি আবদুল হামিদ অস্ত্র ও গোলাবারুদ রাখার জন্য কেন চারটি ফ্ল্যাট ভাড়া দিয়েছেন, তা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া ওই মেস জামায়াত-শিবিরের ক্যাডারদের নিরাপদ আস্তানা ছিল। থানা ভবন থেকে যার দূরত্ব মাত্র আধা কিলোমিটার। চট্টগ্রাম নগর ও শহরতলীতে জামায়াত-শিবিরের এ রকম আরও আস্তানা আছে বলে পুলিশ কর্মকর্তারা মনে করছেন, যা গোপনভাবে খতিয়ে দেখা হচ্ছে।