শিবিরের ৩২ নেতা কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশের ওপর ককটেল হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ৩২ জনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম নুরে আলম ভূঁইয়া তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশের দাবি, তারা সবাই শিবিরের নেতা-কর্মী।
গত শনিবার দুপুরে নগরের দিদার মার্কেট এলাকায় শিবির কর্মীরা ঝটিকা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে পাঁচ-সাতটি ককটেল ছুড়ে মারা হয়। এতে দুই পুলিশ কনস্টেবল আহত হন। পরে পুলিশ চকবাজার থানা এলাকার দারুল উলুম আলীয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে ৩৫ জনকে গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জামসহ আটক করে। পরে তিনজনকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশের ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানার এসআই আল আমিন বাদী হয়ে একটি এবং চকবাজার থানার এসআই মো. রায়হান বাদী হয়ে ৩২ শিবির কর্মীকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করে। মামলা দুটিতে অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে জানান, কোতোয়ালি ও চকবাজার থানার দুটি মামলায় ৩২ শিবির নেতা-কর্মীকে গতকাল আদালতে হাজির করা হয়। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।