রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম (সাদ্দাম) ও সাবেক কর্মী গোলাম রাব্বানি তুফানের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতিসহ ৩৪ জনের নাম উল্লেখ করে আজ বৃহস্পতিবার দুপুরে মামলাটি দায়ের করা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ বাদী হয়ে এ মামলা করেন।
মামলার সত্যতা নিশ্চিত করে নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবদুস সোবহান জানান, মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ১৪ থেকে ১৫ জনকে মামলায় আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, হামলার ঘটনার পর আটক চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালতে তাঁদের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালত এখনো শুনানির সময় ধার্য করেননি। গ্রেপ্তার ওই চারজনের নাম মামলায় উল্লেখ রয়েছে বলে তিনি জানান।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক কাজে শরিফুল ও গোলাম রাব্বানি ধরমপুর এলাকায় গেলে শিবিরের ৮-১০ জন সশস্ত্র ক্যাডার তাঁর ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
এদিকে ঢাকা থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ওয়ালিদ আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, গতকাল বুধবার রাত ১১টার দিকে শরিফুলকে ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আজ সকালে তাঁর সিটিস্ক্যান করা হয়। বর্তমানে তাঁর চেতনা রয়েছে। গতকাল বিকেলে শরিফুলকে উন্নত চিকিত্সার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ধরমপুর এলাকায় শরিফুল ও গোলাম রাব্বানী সন্ত্রাসী হামলার শিকার হন। শরিফুলের ফুসফুস, ডান, বাম পায়ের গোড়ালির ওপরের রগ ও বাম হাতের কবজির ওপরের রগ কেটে যায়। এ ছাড়া ডান পায়ের হাঁটুর ওপর, ঊরুতে, পিঠে, বুকে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হয়। ওই হামলায় শরিফুলের সঙ্গে থাকা সংগঠনের সাবেক কর্মী রাব্বানীর বাম পায়ের ঊরুতে গুলি লাগে। এ ঘটনায় ছাত্রলীগ হামলাকারী হিসেবে শিবিরকে দায়ী করেছে। তবে শিবিরের দাবি, ঘটনাটি ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ঘটেছে। এর সঙ্গে শিবিরের নেতা-কর্মীরা জড়িত নন।