রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনের খুনের সঙ্গে জড়িত শিবিরের ৫৪ জন নেতা-কর্মীর তালিকা সারা দেশে পুলিশ সুপারদের (এসপি) কাছে পাঠানো হয়েছে। গতকাল সোমবার পুলিশ সদর দপ্তর থেকে এ তালিকা পাঠানো হয়। পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ এসপিদের কাছে ওই তালিকা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে—এমন সন্দেহে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তারে দেশব্যাপী অভিযান অব্যাহত আছে। গতকাল সোমবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা শহরে জামায়াত-শিবির পরিচালিত একটি কিন্ডারগার্টেন থেকে ২২ জনকে গ্রেপ্তারের সময় বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও বিভিন্ন জিহাদি বই উদ্ধার করে পুলিশ।ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাজধানীতে শিবিরের সাতজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কলাবাগান থানার পুলিশ তিনজনকে ও দারুস সালাম থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সাতক্ষীরা: সাতক্ষীরা শহরে মোসলেমা কিন্ডারগার্টেন থেকে গতকাল সোমবার ভোরে জামায়াত-শিবিরের ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্র ও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। এ ছাড়া শহরে শিবিরনিয়ন্ত্রিত আশাশুনি, রমিজ রাজা ও নিরালা নামের ছাত্রাবাস থেকে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের চারজনকে ৫৪ ধারায় ও দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. হাসেম খান জানান, নাশকতা সৃষ্টির জন্য জামায়াত-শিবিরের কর্মীরা মোসলেমা কিন্ডারগার্টেনে বৈঠক করছেন—এমন সংবাদের ভিত্তিতে ভোর চারটার দিকে সেখানে অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করা হয়। জেলা জামায়াতের সেক্রেটারি নূরুল হুদা জানান, সারা দেশে জামায়াত-শিবিরের কর্মীদের ওপর যে অত্যাচার-নিপীড়ন চালানো হচ্ছে, এটা তারই অংশ। সিলেট: সিলেট নগরের লামাবাজার এলাকা থেকে গতকাল দুপুরে ইফতেখার আহমদ ও মুক্তার আহমদ নামে শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, তাঁরা গত শুক্রবার নগরের চৌহাট্টা ও কোর্ট পয়েন্ট এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। সিরাজগঞ্জ ও উল্লাপাড়া: রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সদস্য আরাফাত তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সদরের গুলিস্তান মার্কেটের একটি দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মেহেদী হাসান জানান, উল্লাপাড়া থানার ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ আরাফাতকে গ্রেপ্তার করে। আরাফাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁর বিরুদ্ধে রাজশাহীর মতিহার থানায় দুটি মামলা রয়েছে।রাজশাহী: গতকাল বিকেলে বোয়ালিয়া থানার পুলিশ নগরের জমজম ইসলামী হাসপাতালের অভ্যর্থনাকর্মী মো. খুরশিদকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। গত ৮ ফেব্রুয়ারি ছাত্রশিবিরের তাণ্ডবের কিছুদিন আগে ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোয়ালিয়া থানার ওসি জসীম উদ্দিন জানান, খুরশীদ এর আগে একই মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর দেওয়া তথ্যমতে বিশ্ববিদ্যালয়ের কবরস্থানের প্রহরী মঞ্জুর রহমানকে আটক করা হয়।