শিবিরের ৬৫ জন নেতা-কর্মী আটক
কুষ্টিয়ায় ছাত্রশিবিরের ৬৫ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে কুমারখালী উপজেলার আলাউদ্দীননগর এলাকায় দড়িকোমরপুর মাঠে এ অভিযান চালানো হয়।
আটককৃতদের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি হলের শিবিরের সভাপতি কামাল হোসেন রয়েছেন। এ ছাড়া কুষ্টিয়া থেকে প্রকাশিত দুটি সাপ্তাহিক পত্রিকার সাংবাদিকও রয়েছেন।
গতকাল রাত নয়টার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে এসপির দেওয়া ভাষ্যমতে, বিকেলে কুষ্টিয়ার গোয়েন্দা পুলিশ ও কুমারখালী থানা–পুলিশ যৌথভাবে অভিযানে বের হয়। বিকেল সাড়ে চারটার দিকে তারা জানতে পারে আলাউদ্দীননগর এলাকায় একদল দুষ্কৃতকারী ওই এলাকায় পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনা করছে। সেখানে পুলিশ গেলে তাঁরা ছোটাছুটি শুরু করেন। এ সময় গোয়েন্দা পুলিশ তাঁদের আটক করে। তাঁদের কাছ থেকে ২০টি ককটেল, ১৭টি জিহাদি বই, দুটি চাঁদা আদায়ের রসিদ বইসহ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়।
এসপি জানান, আটককৃতদের মধ্যে কামাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলের শিবিরের সভাপতি, ১৭ জন শিবিরের সাথি, বাকি ৪৭ জন শিবিরের কর্মী। তাঁরা সবাই কুষ্টিয়া, পাবনা ও মেহেরপুর জেলার বাসিন্দা। এর মধ্যে দুজন কুষ্টিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকার সাংবাদিকও রয়েছেন।