শিবিরের 'আইটি এক্সপার্ট' বখাটেপনায় ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষানবিশ নারী চিকিৎসককে উত্ত্যক্ত করার ঘটনায় আটক করা হয় নিজাম আল দ্বিন (২৭) নামের এক তরুণকে। বখাটেপনার অভিযোগে গত রোববার দুপুরে তাঁকে আটক করে সিলেট কোতোয়ালি থানাহাজতে রাখা হয়৷
কিন্তু বখাটেপনার শিকার পরিবারের পক্ষ থেকে ওই দিন গড়িয়ে রাত হওয়ার পরও কোনো অভিযোগ না দেওয়ায় বিপাকে পড়ে পুলিশ। অগ্যতা পুলিশ আটক নিজামের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নিতে গিয়ে নিশ্চিত হয়, আটক বখাটে নিজামই সিলেট মহানগর পুলিশের চোখে অদৃশ্য ‘মুম্বাই, মহারাষ্ট্র’ বাসিন্দা শিবিরের ‘আইটি এক্সপার্ট’।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ প্রথম আলোকে জানান, নিজামের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের সাবেক এক কমিশনারসহ একাধিক সদস্যকে মুঠোফোনের খুদে বার্তায় হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে৷ জামায়াত-শিবিরের নানা নাশকতামূলক কর্মসূচি বাস্তবায়ন নিয়ে এসব হুমকি দিয়েছেন নিজাম নিজের ব্যবহৃত মুঠোফোন থেকেই৷ বখাটে হিসেবে আটক ও পরে তাঁর নাম নিয়ে ফেসবুকে সার্চ দিতেই বের হয়ে আসে নিজামের আসল পরিচয়। জামায়াত-শিবিরের তথ্যপ্রযুক্তি (আইটি) শাখার কর্মীর বিষয়টি স্বীকারও করেছেন নিজাম৷ গতকাল সোমবার তাঁকে সাতটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মহানগর পুলিশ সূত্র জানায়, তিন মাসে পুলিশ কমিশনার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের মুঠোফোনে হুমকিসংবলিত একাধিক খুদে বার্তা আসে৷ যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে গত বছরের অক্টোবর থেকে গত ৫ জানুয়ারির নির্বাচনের আগ পর্যন্ত সিলেটে জামায়াত-শিবিরের একাধিক কর্মসূচির প্রাক্কালে এসব খুদে বার্তা পাঠানো হয়৷ খুদে বার্তার প্রেরক হিসেবে ‘মুম্বাই, মহারাষ্ট্র থেকে... আইটি এক্সপার্ট’ লেখা থাকত৷ খুদে বার্তা পাঠানোর পর অন্তত সাতটি নাশকতার ঘটনায় অজ্ঞাতনামা হিসেবে ওই মুঠোফোন নম্বরের ব্যক্তিকেও আসামির তালিকায় রাখা হয়।
পেশায় একজন নকলনবিশ নিজাম৷ সিলেটের দক্ষিণ সুরমার কামুসানা গ্রামে তাঁর বাড়ি৷ রোববার দুপুরে শিক্ষানবিশ নারী চিকিৎসককে উত্ত্যক্ত করেন৷ একপর্যায়ে চিকিৎসক অচেতন হয়ে পড়েন৷ উত্ত্যক্ত করার ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন চিকিৎসককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং উত্ত্যক্তকারী নিজামকে পুলিশে ধরিয়ে দেন৷
নিজামের ফেসবুক ঘেঁটে দেখা গেছে, নিজাম আল দ্বিন ‘মুম্বাই, মহারাষ্ট্র’ ঠিকানা হিসেবে উল্লেখ করেছেন৷ একটি মোটরসাইকেলের পাশে বসা তাঁর ছবি ফেসবুকে রয়েছে৷ তাঁর বন্ধুর তািলকায় আওয়ামী লীগের কয়েকজন নেতা ও গণমাধ্যম কর্মীও রয়েছেন।
নিজাম ধরা পড়ায় তাঁর বিরুদ্ধে করা সাতটি মামলার তদন্ত কর্মকর্তারা নতুন করে তদন্ত শুরু করে দিয়েছেন জানিয়ে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বলেন, নিজামের ফেসবুকও পর্যবেক্ষণে রাখা হয়েছে৷ তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।