শিবিরের 'মগজ ধোলাই'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসিক ছাত্রাবাসের সামনে টেবিল-চেয়ার পেতে বসে আছেন শিবিরের কয়েকজন কর্মী। ছাত্রাবাসে থাকার জন্য কোনো ভর্তি-ইচ্ছুক আসতেই পড়ছেন তাঁদের জেরার মুখে। কোথায় থেকে আসছেন? কার কক্ষে থাকবেন? এমন হাজারো প্রশ্ন। পরে মুঠোফোন নম্বর নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে ভর্তি-ইচ্ছুককে। রাত নামতেই ভর্তি-ইচ্ছুকের ডাক পড়ে শিবিরের নির্ধারিত কক্ষে। সেখানে বিভিন্নভাবে শিবিরের কর্মকাণ্ড বোঝানো হচ্ছে ভর্তি-ইচ্ছুককে। পরে হলের ক্যানটিনে নেওয়া হচ্ছে শতভাগ কমন পড়ার নিশ্চয়তা দিয়ে ‘কথিত মডেল টেস্ট’ পরীক্ষা। আবার ঘুমানোর আগে ভর্তি-ইচ্ছুকদের থাকার প্রতিটি কক্ষে পাঠানো হচ্ছে মশানিরোধক বিভিন্ন ওষুধ। কোথায়ও কোথায়ও তোশক নিয়ে হাজির শিবিরের প্রশিক্ষিত কর্মীরা। এভাবে নিজ দলে ভেড়ানোর জন্য ভর্তি-ইচ্ছুকদের দেওয়া হচ্ছে নানা প্রণোদনা। একাধিক ভর্তি-ইচ্ছুক ও তাঁদের অভিভাবক, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য।
২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা উপলক্ষে বর্তমানে ক্যাম্পাসের আবাসিক ছাত্রাবাসগুলোতে অবস্থান করছেন কয়েক হাজার ভর্তি-ইচ্ছুক। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক ছাত্রাবাস নিয়ন্ত্রণে রয়েছে শিবিরের। এই ছাত্রাবাসগুলো হলো আমানত, সোহরাওয়ার্দী, আলাওল, স্যার এফ রহমান ও আবদুর রব। এই পাঁচটি হলে অবস্থান করা ভর্তি-ইচ্ছুকদের দলে ভেড়ানোর জন্য নানাভাবে মগজ ধোলাই করে আসছেন সংগঠনটির নেতা-কর্মীরা। পাঁচটি ছাত্রাবাসের সামনেই বসানো হয়েছে ‘হেল্প ডেস্ক’। যেখানে ভর্তি-ইচ্ছুকেরা ছাত্রাবাসে আসতেই তাদের সব তথ্য টুকে নেওয়া হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন ভর্তি-ইচ্ছুক প্রথম আলোকে বলেন, ‘ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রাবাসে আসার প্রথম দিনই তাঁদের কাছ থেকে সব তথ্য নিয়ে নিয়েছেন শিবিরের নেতা-কর্মীরা। পরে বিভিন্নভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে তাঁদের।
ভর্তি-ইচ্ছুকেরা আরও বলেন, শতভাগ কমন পড়ার নামে যে মডেল টেস্ট শিবির নিচ্ছে, সেখান থেকে একটিও কমন পড়েনি। এসব ভর্তি-ইচ্ছুক আশঙ্কা করছেন, তাঁদের সব তথ্যই শিবিরের হাতে চলে যাওয়ায় পরে তাঁদের বিভিন্নভাবে হেনস্তা করা হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক সোহরাওয়ার্দী ছাত্রাবাসে থাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, ‘ভর্তি পরীক্ষা উপলক্ষে আমার এক আত্মীয় আমার কক্ষে অবস্থান করছেন। তাঁকে পরীক্ষার আগের রাতেও সাহায্য করার নামে বিভিন্নভাবে প্রণোদনা দিয়ে আসছে। এতে তাঁর পরীক্ষার প্রস্তুতিতে বিঘ্ন ঘটছে।’ তবে ভর্তি-ইচ্ছুকদের নিজ দলে ভেড়াতে প্রণোদনা দিয়ে আসার কথা উড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ভর্তি-ইচ্ছুকেরা দূরদূরান্ত থেকে এসেছেন। অচেনা ক্যাম্পাসে শিবির তাঁদের বিভিন্নভাবে সহযোগিতা করছে।