শিবু কি থেমে যাবেন?
লালমনিরহাট সদর উপজেলার তিস্তা দাসপাড়া গ্রামের অদম্য মেধাবী শিবু দাস। শারীরিক প্রতিবন্ধী এ তরুণকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন। কিন্তু বিধি বাম। ২৪ মিনিট দেরিতে আসায় তিনি দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি।
শিবু দাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গতকাল মঙ্গলবার সকালেই আসতে পারতাম। কিন্তু ভর্তির টাকার জোগাড় ছিল না। বিষয়টি একটি পত্রিকার সাংবাদিককে জানালে তিনি দ্রুত আমাকে লালমনিরহাট শহরে আসতে বলেন। এরপর টাকা জোগাড় হলো। আমি দুপুরে দিনাজপুরের উদ্দেশে রওনা হলাম।’ তিনি আরও বলেন, ‘টাকা জোগাড় না হওয়ার জন্য আসতে দেরি হবে মর্মে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের এক শিক্ষককে জানালে তিনি আমাকে বিকেল পাঁচটার মধ্যে আসতে বলেন। কিন্তু ২৪ মিনিট দেরি হওয়ায় আমার সবকিছু শেষ হয়ে গেল।’
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির প্রধান বলরাম রায় বলেন, ‘শিবু দাসের ঘটনা জেনে আমরাও মর্মাহত ও দুঃখিত। বিকেল পাঁচটার মধ্যে তিনি (শিবু দাস) এখানে উপস্থিত হলে আমরা ভর্তি নিতে পারতাম।’
শিবু দাস জানান, সন্ধ্যা সাতটার দিকে উপাচার্য রুহুল আমিনের কক্ষে তাঁকে নিয়ে যান বলরাম রায়। সেখানে শিবু দাসের কাছ থেকে বিলম্বে আসার বিবরণসহ দরখাস্ত গ্রহণ করা হয়। পরবর্তী সময়ে ভর্তি কমিটির সিদ্ধান্তের কথা জানানো হবে বলে শিবুকে জানানো হয়েছে।
তিস্তা দাসপাড়া গ্রামের মৃত নৃপেন্দ্রনাথ দাসের ছেলে শিবু দাস আট বছর বয়সে বাতজ্বরে আক্রান্ত হয়ে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়েন। তিনি ২০১২ সালে এসএসসিতে (বিজ্ঞান) জিপিএ-৫ এবং চলতি বছর এইচএসসিতে (বিজ্ঞান) জিপিএ ৪.৯ পেয়ে উর্ত্তীণ হন। এরপর তিনি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ই’ ইউনিটে পরীক্ষা ইংরেজি সাহিত্যে ভর্তির সুযোগ পান। মেধা তালিকায় তাঁর অবস্থান ছিল ২১তম। কিন্তু অর্থের সংস্থান ছিল না। তাঁকে এবং গাইবান্ধার জাকিয়া সুলতানাকে নিয়ে ১৪ ডিসেম্বর প্রথম আলোয় ‘তাঁরা হার মানেননি’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।