শিবুকে ভর্তির অনুরোধ পাঠকের

২৪ মিনিট দেরির কারণে ভর্তি হতে না পেরে কান্নায় ভেঙে পড়েন শিবু দাস। তবে এ ঘটনায় শিবু শুধু একা কাঁদেননি, মন কেঁদেছে লাখ লাখ মানুষের। তারা কর্তৃপক্ষের কাছে শিবুকে ভর্তি করানোর অনুরোধ জানিয়েছেন। অনেকে আবার ক্ষোভ প্রকাশ করেছেন কর্তৃপক্ষের প্রতি।
এক পাঠক লিখেছেন ‘মাত্র ২৪ মিনিটের জন্য একটা মানুষের স্বপ্ন ভেঙে যাবে??? তাও সেই দেশে, যেখানে সকাল নয়টার ট্রেন ছাড়ে বিকাল পাঁচটায়!!!’
লালমনিরহাট সদর উপজেলার তিস্তা দাসপাড়া গ্রামের অদম্য মেধাবী ও শারীরিক প্রতিবন্ধী শিবু দাস এবার দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইউনিটের ইংরেজি সাহিত্যে ভর্তির সুযোগ পেয়েছিলেন। মেধা তালিকায় তাঁর অবস্থান ছিল ২১ নম্বরে। তাঁর স্বপ্ন ইংরেজির শিক্ষক হওয়ার। কিন্তু ভর্তির জন্য টাকা জোগাড় করে যতক্ষণে শিবু বিশ্ববিদ্যালয়ে পৌঁছান, তার ২৪ মিনিট আগে শেষ হয়ে যায় ভর্তির কার্যক্রম। অনেক অনুরোধের পরও কর্তৃপক্ষ শিবুকে ভর্তির করেনি। এ নিয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘২৪ মিনিট দেরি, ভর্তি হতে পারলেন না শিবু’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। অনলাইনে পাঠকদের মাঝে ব্যাপক নাড়া দেয় সংবাদটি। এরপর প্রতিবেদনটি প্রথম আলোর ফেসবুক পেজে পোস্ট করা হয়। এরপর ফেসবুকে এই প্রতিবেদনটি পড়েছেন ৯ লাখ ৪৪ হাজার ৬৪০ জন। মন্তব্য করেছেন ১ হাজার ৫১১ জন। পোস্টটি লাইক করেছেন ২৫ হাজার ৪৪১ জন। আর পোস্টটি শেয়ার করেছেন ৪৬৮জন।
দাসপাড়ার মৃত নিপেন্দ্রনাথ দাসের দ্বিতীয় ছেলে শিবু দাস। মায়ের নাম মঞ্জু রানী দাস। আট বছর বয়সে বাতজ্বরে আক্রান্ত হয়ে তাঁর দুই পায়ের হাঁটুতে সমস্যা হয়। অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে পারেনি পরিবার। বাতজ্বর সেরে গেলেও শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়েন শিবু দাস। এখন তাঁকে কষ্ট করে খুঁড়িয়ে হাঁটতে হয়। এভাবেই ২০১২ সালে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে জিপিএ-৫ ও ২০১৪ সালে রংপুরের কাউনিয়া কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসিতে জিপিএ-৪.৯ পেয়ে উত্তীর্ণ হন।
এক পাঠক লিখেছেন ‘দুঃখিত শিবু। তোমাদের মতো মেধাবী সন্তাদের আমরা চিনেতে পারলাম না। আমি একজন সংবাদকর্মী হয়ে সম্মানিত ভিসি স্যারের কাছে ভতির্র সুযোগ করে দেয়ার জন্য অনুরোধ করছি। একই সাথে দিনাজপুরের সংবাদকর্মীদের কাছে একটা অনুরোধ করছি, বিশ্ববিদ্যালয়ে দিনে কত হাজার অনিয়ম হচ্ছে সেগুলো জাতির সামনে তুলে ধরার জন্য। কারণ তারা একটা মেধাবী ছাত্রের জন্য সামান্য নিয়ম ভঙ্গ করতে পারল না। হারয়ে জাতির কারিগর!’ একজন লিখেছেন, ‘এই জ্ঞানপাপীদের কর্ম দেখলে বমি আসে। যারা ভর্তি নিল না, তারা কি ঠিক সময়ে অফিসে আসে? শিবুর জন্য শুভকামনা রইল।’
একজন পাঠক ভর্তি কমিটির কাছে অনুরোধ জানিয়ে লিখেছেন, ‘ভর্তি কমিটির কাছে আমার অনুরোধ, অসহায় শিবুকে হতাশ করবেন না। এটা তো আল কুরআন বা হাদীস না যে এটা পাল্টানো যাবে না। এর জন্য প্রয়োজন একটু সহানুভূতি। আপনার একটু সহানুভূতি গড়ে দিবে শিবুর সুন্দর জীবন।’ কেউ কেউ বলেছেন কোনো প্রভাবশালীর ছেলের বেলায় এমন হতো না। আরেকজন শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানিয়ে বলেছেন, ‘মানবতা বলতে একটা শব্দ আছে।’
শিবুকে প্রথমে অর্থ দিয়ে কেউ সাহায্য না করার বিষয়ে এক পাঠক লিখেছেন, ‘এখানে দোষটা আমাদের। কারণ, একজন বখাটে যখন হুমকি দেয় তখন তাকে আমরা সালাম করে টাকা দেই। আর একজন অসহায় মানুষ যখন নত হয়ে আমাদের কাছে সাহায্যের আবেদন করে তখন আমরা খারাপ আচরণ করে তাকে তাড়িয়ে দেই বা সবচাইতে ভালো আচরণ করি এই যে, মাফ কর সামনে দেখ।’