শিমখেতে ভাইরাস ও পচন রোগ, চাষিদের মাথায় হাত
অসময়ের শিম চাষ করে লাভবান হতে চেয়েছিলেন পাবনার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের শিমচাষিরা। কিন্তু গাছে ভাইরাস ও পচনরোগ দেখা দেওয়ায় শিমচাষিদের এখন মাথায় হাত। তাঁরা লাভের বদলে লোকসান গুনছেন।
কয়েকজন চাষি জানান, মুলাডুলি ইউনিয়নে তিন বছর ধরে অসময়ের শিম চাষ শুরু হয়েছে। এর মধ্যে রূপভান ও অটো শিম নামের দুই জাতের শিম রয়েছে। দুই সপ্তাহ ধরে শিম বাজারে উঠতে শুরু করেছে। এই মুহূর্তে শিমে ভাইরাস ও পচনরোগ দেখা দেওয়ায় তাঁরা বিপদে পড়েছেন। ভাইরাস রোগের জন্য গাছের পাতা হলুদ, ছিদ্র ও বিবর্ণ হয়ে যাচ্ছে। দুর্বল হয়ে পড়ছে গাছ। ফলে শিম ধরছে না। অনেক গাছে শিম হলেও তা হলুদ হয়ে ঝরে পড়ছে। এ ছাড়া শিমের জমিতে বৃষ্টির পানি জমে যাওয়ায় পচন শুরু হয়েছে। পচন ও ভাইরাসের জন্য তাঁরা এবার চরম লোকসানের সম্মুখীন হচ্ছেন। কীটনাশক ও ওষুধ ছিটিয়েও লাভ হচ্ছে না।
শেখপাড়া গ্রামের কৃষক শাজাহান আলী শেখ জানান, তিনি একটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ১১ হাজার টাকা ঋণ নিয়ে এক বিঘা জমিতে অটো শিম চাষ করেছিলেন। এতে তাঁর খরচ হয়েছে ১২ হাজার টাকা। কিন্তু ভাইরাস ও পচনের জন্য তাঁর জমির অধিকাংশ শিমগাছ নষ্ট হয়ে গেছে। এ পর্যন্ত তিনি মাত্র দেড় হাজার টাকার শিম বিক্রি করেছেন।
কৃষক অঝর খাঁ জানান, তিনি পাঁচ বিঘা জমিতে রূপভান ও অটো শিম চাষ করেছিলেন। কিন্তু ভাইরাসের কবলে পড়ে তাঁর জমির অর্ধেক শিম নষ্ট হয়ে গেছে। অনেক গাছও মারা যায়। উপায় না পেয়ে তিনি আক্রান্ত গাছ কেটে ফেলেন।
ছাইজুদ্দিন মণ্ডল জানান, কৃষি বিভাগকে জানালেও তারা গুরুত্ব দেয় না। অনেক অনুরোধ করা হলে তারা গ্রামের জোতদার (অবস্থাপন্ন) কৃষকের বাড়িতে এসে দেখা করে যায়। ফলে তাঁরা স্থানীয় কীটনাশক ডিলারদের পরামর্শে শিমের পরিচর্যা করছেন। কিন্তু তাতেও লাভ হচ্ছে না।
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মুলাডুলিতে প্রতিবছর প্রচুর শিমের চাষ হয়। প্রতিদিন মুলাডুলি থেকে রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় শিম বিক্রি হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা খুরশীদ আলম জানান, এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার তেমন কোনো উপায় নেই। কীটনাশক ছিটিয়ে কিছুটা উপকার হতে পারে। তবে যেসব গাছ ভাইরাসে আক্রান্ত হয়েছে, ওই জমিতে দু-তিন বছর শিম চাষ না করা ভালো। দু-তিন বছর বিরতির পর শিম চাষ করলে ভাইরাসের আক্রমণ থেকে রেহাই পাওয়া যেতে পারে।