শিমগাছ কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ছাতুয়া গ্রামে ছয় শতাংশ জমির শিমের গাছ কেটে ফেলার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আবু জাফর (২২) নামের একজন নিহত এবং উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।নিহত আবু জাফরের বাবা আফতাব হোসেন এ ব্যাপারে মঙ্গলবার রাতে শিবগঞ্জ থানায় ২৯ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ জাহাঙ্গীর হোসেন (২৮) ও ছিদ্দিক মিয়া (৩৫) নামের দুজনকে গ্রেপ্তার করেছে।গ্রামবাসী সূত্রে জানা গেছে, রোববার রাতে ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছয় শতাংশ খেতের শিমগাছ কে বা কারা কেটে ফেলে। এ নিয়ে তিনি আগে থেকে বিরোধ চলে আসা মুসলেম উদ্দিনের পক্ষের লোকজনকে সন্দেহ করেন। এ নিয়ে সোমবার উভয় পক্ষের লোকজনের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে আবু জাফরসহ ১১ জন আহত হন। আহতদের প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে আবু জাফরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।