শিমুল এখন তাঁর মাকে খুঁজছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালের শয্যায় শিমুল পাল
ছবি: প্রথম আলো

মায়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শয্যায় ছেলেকে তুলে দেওয়া হয়েছিল পারিবারিক সিদ্ধান্তে। আইসিইউ থেকে নামানোর কিছুক্ষণ পর গত ২৮ জুলাই মা কানন প্রভা মারা যান। সেই থেকে ছেলে শিমুল পালকে (৪২) বাঁচানোর প্রাণান্ত চেষ্টা শুরু করেন জেনারেল হাসপাতালের করোনা বিভাগের চিকিৎসকেরা।

এর আগে ২১ জুলাই থেকে শিমুল করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে এখন কিছুটা সুস্থ শিমুল পাল। গত সোমবার তাঁকে আইসিইউ থেকে নামিয়ে সাধারণ শয্যায় দেওয়া হয়। এখন তাঁর মাত্র পাঁচ লিটার অক্সিজেন দরকার হচ্ছে। কিছুটা সুস্থ হয়ে শিমুল এখন তাঁর মাকে খুঁজছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আহমেদ তানজিমুল ইসলাম বলেন, ‘তিনি এখন অনেকটা সুস্থ। যখন আনা হয়েছিল তখন তাঁর স্যাচুরেশন ছিল ৮০ লিটার অক্সিজেন দিয়ে ৪০, এখন ৫ লিটারে ৯৭ আছে। দু–এক দিন পর ছেড়ে দেওয়া হবে। এখন তিনি মাকে খুঁজছেন। আমরা বলেছি, মা সুস্থ আছে।’

২১ জুলাই শিমুলকে হাসপাতালে আনা হয়েছিল। তার আগে ১৫ জুলাই থেকে তাঁর মা করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ছিলেন। শিমুলকে যখন আনা হয় তখন তাঁরও আইসিইউ দরকার ছিল। কিন্তু আইসিইউ শয্যা খালি না থাকায় দেওয়া সম্ভব হচ্ছিল না।

পরে ২৮ জুলাই তাঁদের পরিবারের অনুরোধে বন্ড সই নিয়ে শিমুলকে মায়ের শয্যায় তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কয়েক ঘণ্টা পর মা মারা যান। তাঁদের বাসা দেওয়ান বাজার এলাকায়।