শিমুল বিশ্বাসের ভাইকে ছেড়ে দিয়েছে র্যাব
আটকের সাত ঘণ্টা পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের ছোট ভাই নিঠু বিশ্বাসকে ছেড়ে দিয়েছে র্যাব। আজ বৃহস্পতিবার ভোরে পরিবারের সদস্যরা র্যাব-১২-এর পাবনা ক্যাম্পে গেলে তাঁকে পরিবারের কাছে ফেরত দেওয়া হয়।
র্যাবের দাবি, নিঠুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল।
নিঠু বিশ্বাসের বড় ভাই বাবুল বিশ্বাসের ভাষ্য, গতকাল বুধবার রাত ১০টার দিকে পাবনা পৌর এলাকার কুঠিপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে নিঠু বিশ্বাসকে তুলে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর নিঠুর সঙ্গে মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেন তিনি। একপর্যায়ে নিঠু ফোন ধরে তাঁদের জানান যে তিনি র্যাব-১২-এর পাবনা ক্যাম্পে আছেন। এরপর পরিবারের লোকজন র্যাব ক্যাম্পে গেলে ভোর পাঁচটার দিকে নিঠুকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১২-এর পাবনা ক্যাম্পের কমান্ডার মেজর আজমল হোসেনের প্রথম আলোকে বলেন, র্যাব-১২-এর একটি দল জিজ্ঞাসাবাদের জন্য নিঠুকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।