শিমুল বিশ্বাসের ভাইকে ছেড়ে দিল র্যাব
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের ছোট ভাই ব্যবসায়ী নিঠু বিশ্বাসকে (৪৫) তাঁর বাড়ি থেকে গত বুধবার তুলে নিয়ে গিয়েছিল র্যাব। পরে গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
র্যাবের দাবি, নিঠু বিশ্বাসকে অপহরণ নয়, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে গায়ে অস্ত্র ঠেকিয়ে নিঠুকে তুলে নিয়ে যাওয়ার পর তাঁকে অপহরণের অভিযোগ করেছিল পরিবার।
তবে ওই অভিযোগের জবাবে বুধবার রাতে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেছিলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে তুলে আনেনি। ঘটনার পর তাঁর ছেলে মুঠোফোনে তাঁর সঙ্গে কথা বলেছেন। তিনি ছেলেকে জানিয়েছেন, শহরের আশপাশেই আছেন তিনি। বিষয়টি তদন্ত করে দেখছি।’
নিঠু বিশ্বাসের বড় ভাই বাবুল বিশ্বাস জানান, আইন–শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার পর পরিবারের সদস্যরা নিঠু বিশ্বাসের মুঠোফোনে বিরতিহীনভাবে কল করে যাচ্ছিলেন। একপর্যায়ে তিনি ফোন ধরে র্যাব-১২ পাবনা ক্যাম্পে আছেন বলে জানান। এ সময় তাঁরা ক্যাম্পে গেলে র্যাব ভোর পাঁচটার দিকে তাঁকে ছেড়ে দেয়। এখন তিনি বাড়িতেই আছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্যাম্পের কমান্ডার মেজর আজমল হোসেন প্রথম আলোকে বলেন, ‘র্যাব-১২-এর স্পেশাল কোম্পানির একটি অভিযানিক দল জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করেছিল। জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ব্যবসায়ী ও কৃতী শ্যুটার নিঠু বিশ্বাস ব্যবসায়িক কাজ শেষে বুধবার সন্ধ্যায় পাবনা পৌর এলাকার কুঠিপাড়া মহল্লার নিজ বাড়িতে ফেরেন। গরমের কারণে রাত ১০টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে বসে ছিলেন তিনি। এ সময় একটি মাইক্রোবাসে কয়েকজন এসে অস্ত্র ঠেকিয়ে তাঁকে তুলে নিয়ে যায়। এর পর থেকে তাঁর আর খবর পাওয়া যাচ্ছিল না।
রাতেই নিঠু বিশ্বাসের স্ত্রী ছকিনা খাতুন সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় যান। এ নিয়ে গতকাল প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।