পদ্মায় অব্যাহতভাবে পানি হ্রাসের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে নাব্যতার সংকট দেখা দিয়েছে। এতে ১৭ কিলোমিটার নৌপথে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আটকে যাচ্ছে ফেরির তলা। এভাবে পানি হ্রাস অব্যাহত থাকলে যেকোনো মুহূর্তে যাত্রী ও যানবাহন পারপারে অচলাবস্থা সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন।
ঘাটসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ফেরি চলাচলে অচলাবস্থা সৃষ্টির আগেই নদীর নাব্যতা বাড়াতে খনন করা প্রয়োজন।
শিমুলিয়া-কাওড়াকান্দি ঘাটসংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, পানি হ্রাসের কারণে গত শনিবার সকাল সাড়ে নয়টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাওড়াকান্দিগামী রো রো ফেরি কেরামত আলী ১৩টি ট্রাক ও নয়টি ছোট গাড়ি নিয়ে বাংলাবাজার পয়েন্টের মূল চ্যানেলে এক ঘণ্টা আটকে ছিল। সকাল সাড়ে ১০টার দিকে জোয়ার এলে ফেরিটি এ পয়েন্ট থেকে বের হয়ে আসে। একই কারণে বেলা সাড়ে ১১টার দিকে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমীন কাওড়াকান্দি ৩ নম্বর ঘাট থেকে যানবাহন নিয়ে পন্টুনের ওপরের পকেট থেকে নৌপথে বের হতে পারছিল না। একপর্যায়ে ফেরি থেকে একটি ট্রাক কমিয়ে এটি নৌপথে বের হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি শুষ্ক মৌসুমে পদ্মায় অব্যাহতভাবে পানি হ্রাস পাচ্ছে। ফলে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথের লৌহজং টার্নিং পয়েন্টের বাইরের মুখে, শিমুলিয়া ফেরিঘাটের মাঝের চরে, কাঁঠালবাড়ী, বাংলাবাজার, চেয়ারম্যানবাড়ি সংলগ্ন ও চরজানাজাত ৩ নম্বর রো রো পন্টুনের নিচের পকেটের পয়েন্টগুলোতে পানির গভীরতা কম রয়েছে। এতে এ পয়েন্টগুলোতে দেখা দিয়েছে নাব্যতার সংকট। এ ছাড়া হাজরা টার্নিং পয়েন্ট থেকে কাওড়াকান্দি (চরজানাজাত) ঘাট পর্যন্ত পানির গভীরতা কম থাকায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমানে পদ্মায় প্রায় প্রতিদিনই গড়ে ৩-৪ সেন্টিমিটার করে পানি হ্রাস পাওয়ায় এরই মধ্যে এই চ্যানেলের বাংলাবাজার পয়েন্টে গত মঙ্গলবার ছয় ফুট পানি বিরাজ করছিল।
এদিকে বালু ঘেঁষে ফেরিগুলো চলাচল করায় ফেরির তলা ক্ষতির সম্মুখীন হচ্ছে। অন্যদিকে কম পানির স্থানে রো রো ফেরিগুলোকে পূর্ণ লোড নিয়ে ধীরগতিতে যাওয়ায় সময় বেশি লাগছে।
রো রো ফেরি শাহ পরানের মাস্টার নুরুল করিম, বীরশ্রেষ্ঠ রুহুল আমীনের মাস্টার মো. কিবরিয়াসহ একাধিক ফেরির মাস্টার জানান, চ্যানেলগুলোতে পানির গভীরতা কমে গেছে। এতে কোনো কোনো স্থানে ফেরি চলাচল করছে বালু ঘেঁষে খুবই ঝুঁকি নিয়ে।
বিআইডব্লিউটিসির নৌ কর্মকর্তা মো. শাজাহান জানান, পানি হ্রাস পেয়ে বর্তমানে পদ্মায় লোয়েস্ট লো ওয়াটার লেভেল (এলএলডব্লিউ) চলছে। এ কারণে ঘাট ও চ্যানেলের একাধিক পয়েন্টে ফেরি চলাচলে সমস্যা দেখা দিচ্ছে। এ ব্যাপারে খননের জন্য বিআইডব্লিউটিএকে মৌখিক ও লিখিতভাবে জানানো হয়েছে।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক চন্দ্র শেখর রায় প্রথম আলোকে জানান, পানি হ্রাস পাওয়ায় রো রো ফেরিকে কম লোড নিয়ে চলতে হচ্ছে। এর পরও ফেরির তলা আটকে যাচ্ছে। বড় ধরনের সংকট সৃষ্টির আগেই শিমুলিয়া-কাওড়াকান্দি চ্যানেল খনন করা প্রয়োজন।