শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি বন্ধ দীর্ঘ যানজটে ভোগান্তি
লৌহজং টার্নিং পয়েন্টে পলি পড়ে নাব্যতা কমে যাওয়ায় গত শুক্রবার রাত থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে মাওয়া ঘাটে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
নৌপরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা নাব্যতাসংকটের অন্যতম কারণ বলে অভিযোগ করেছে শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, লৌহজং টার্নিং পয়েন্টের মাইল দুয়েক দূরে মাওয়া এলাকায় পদ্মা সেতুর পাইলিংয়ের কাজ চলছে। পাইলিংয়ের মাধ্যমে অপসারিত মাটিগুলো আবার নদীতেই ফেলার কারণে সেগুলো স্রোতের সঙ্গে এই পয়েন্টে এসে জমা হচ্ছে। এতে নদীর তলদেশ উঁচু হয়ে ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। এর আগে উজানের ঢেউয়ের সঙ্গে পলিমাটি এসে চর পড়ে নাব্যতাসংকট তৈরি হতো। আর এবার এই সংকট সৃষ্টির অন্যতম কারণ হলো পদ্মা সেতুর অপরিকল্পিত পাইলিং। সূত্র মতে, এ জন্য দায়ী মন্ত্রণালয় দুটির সমন্বয়হীনতা।
সূত্র আরও জানায়, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ছোট-বড় ও মাঝারি মিলে ১৮টি ফেরি চলাচল করে। শুক্রবার রাত আটটা থেকে সব ধরনের ফেরি বন্ধ করে দেওয়া হয়। তবে এক সপ্তাহের বেশি সময় ধরেই এ সমস্যা চলছে। লৌহজং টার্নিং পয়েন্টে পলি পড়ে বর্তমানে মাত্র ছয় ফুট নাব্যতা বিরাজ করছে। অথচ ফেরি চলাচলের জন্য অন্তত আট ফুট গভীরতা প্রয়োজন।
প্রত্যক্ষদর্শী, বিআইডব্লিউটিসি ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় দীর্ঘ যানজটে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। অনেকে লঞ্চ ও স্পিডবোটে পারাপার হচ্ছেন। শিমুলিয়া ঘাটে তিন শতাধিক ও কাওড়াকান্দিতে দুই শ মিলে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় আটকা পড়ে আছে। তবে এই পথ এড়িয়ে চলা-সংক্রান্ত আগের দিনের ঘোষণার কারণে বাস ও ছোট যানের সংখ্যা এখন কমে গেছে।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি সূত্র জানায়, নদীতে এ মুহূর্তে প্রচণ্ড স্রোত। তাই ড্রেজিং করা সম্ভব হচ্ছে না। ঘাটের এই অবস্থা শুনে গত শুক্রবার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যানরাসহ কর্মকর্তারা ঘাট পরিদর্শন করেন। এ সময় তাঁরা সংকট শেষ না হওয়া পর্যন্ত বিকল্প পথে চলাচল করতে সবাইকে অনুরোধ করেন। নৌপরিবহনমন্ত্রী বলেন, পদ্মা সেতুর কাজে নিয়োজিত খননযন্ত্র দিয়ে লৌহজং টার্নিং পয়েন্টে ড্রেজিংয়ের কাজ করা যায় কি না, তা নিয়ে সেতু কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলবেন।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আশিকুজ্জামান প্রথম আলোকে বলেন, এ মুহূর্তে খনন করা ছাড়া চ্যানেল স্বাভাবিক রাখা সম্ভব নয়।