শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল ব্যাহত, দুর্ভোগ

মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে গত বৃহস্পতিবার রাত থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পদ্মায় তীব্র স্রোত ও শিমুলিয়ার চারটি ঘাটের মধ্যে দুটি বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আরও তিন দিন এই দুই ঘাট বন্ধ থাকবে।
ঘাট এলাকার যাত্রী, যানবাহনের চালক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নাব্যতা-সংকট দূর করার জন্য বৃহস্পতিবার থেকে শিমুলিয়া ঘাট এলাকায় নদী খননের কাজ শুরু হয়েছে। তাই ২ ও ৪ নম্বর ফেরিঘাট বন্ধ রাখা হয়েছে। ফলে পারাপারের কাজে ফেরিও কম চলছে। এ ছাড়া এক মাস ধরেই উত্তরাঞ্চলের বন্যার পানি পদ্মা দিয়ে বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে। তাই এই নৌপথে এখন প্রচুর স্রোত। স্রোত ঠেলে যেতে হচ্ছে বলে ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না। শিমুলিয়া ঘাট থেকে শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে যেতে যেখানে ৪৫-৫৫ মিনিট সময় লাগত, এখন আড়াই থেকে তিন ঘণ্টা লাগছে। এতে ভোগান্তিতে পড়তে হয় দুই পাড়ের যাত্রী ও চালকদের।
শিমুলিয়া ঘাট ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. কাজলের সঙ্গে কথা হয় গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায়। তিনি বলেন, চারটি ঘাটের মধ্যে দুটি ঘাট বন্ধ থাকায় প্রয়োজনের তুলনায় ফেরি খুব কম চলাচল করছে। তাই বৃহস্পতিবার রাত থেকেই যানবাহনের চাপ বেড়েছে। গতকাল এই চাপ আরও বেড়েছে। তাই ঘাটে ছোট-বড় সাড়ে ৪ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। যানবাহনের মধ্যে ট্রাকের সংখ্যাই বেশি। ছোট গাড়িও আছে।
কাঁঠালবাড়ি ঘাট ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) উত্তম কুমার শর্মার সঙ্গে কথা হয় বিকেল চারটার দিকে। তিনি বলেন, ‘ফেরির সংখ্যা কম ও ধীরগতি হওয়ায় আমাদের পাড়ে সকালে যানবাহনের কিছুটা চাপ ছিল। আমরা বাস ও ছোট গাড়ি আগে পার করেছি। তবে এখনো পারাপারের জন্য সাড়ে তিন শতাধিক মালবাহী ট্রাক অপেক্ষমাণ আছে।’
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির বাণিজ্য ব্যবস্থাপক মো. আলিমুজ্জামান বলেন, ‘এই ঘাটের নদী এলাকায় নাব্যতা-সংকট তৈরি হওয়ায় আমরা ড্রেজিং করাচ্ছি। ফলে ৪ নম্বর (ভিআইপি) ফেরিঘাট যেখান দিয়ে ছোট গাড়ি ও ২ নম্বর ঘাট যেখান দিয়ে ভারী যানবাহন পারাপার হয়, তা সাময়িক বন্ধ রাখা হয়েছে। এ কারণে ১৬টি ফেরির মধ্যে আজ (গতকাল) ১২টি পারাপারের কাজে ব্যবহার করা হচ্ছে।’ তিনি আরও বলেন, নদীতে প্রচুর স্রোত। এ ছাড়া নদীর মূল অংশ থেকে লৌহজংয়ের টার্নিং পয়েন্ট পর্যন্ত একমুখী চলাচল হওয়ায় ফেরিগুলোর দুই পাড়ে আসা-যাওয়া করতে কমপক্ষে পাঁচ ঘণ্টা সময় লাগছে। তাই কিছুটা দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
বিআইডব্লিউটিএ মুন্সিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান আহম্মেদ বলেছেন, নদীতে প্রচুর পলি জমেছে। শিমুলিয়া ঘাট এলাকায়ও ড্রেজিং করা হচ্ছে। আশা করা যায়, আগামী তিন দিনের মধ্যে এই ঘাটের ড্রেজিং শেষ হবে।