শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে দুই ঘাটে পারাপারে অপেক্ষায় আটকা পড়েছে কয়েক শ যানবাহন।
শিমুলিয়া ঘাট বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আলীমুজ্জামান প্রথম আলোকে জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধই বলতে পারেন। ১৭টি ফেরির মধ্যে এখন মাত্র কোনো রকমে কে টাইপের একটি ফেরি চলছে। এখন শিমুলিয়ার চার ঘাট ও সড়কসহ পারাপারের জন্য আট শতাধিক ছোট-বড় যানবাহন অপেক্ষায় রয়েছে।
শিমুলিয়া ঘাটের ট্রাকচালক মো. সুজন প্রথম আলোকে বলেন, ‘আজ শুক্রবারসহ তিন দিন হয় শিমুলিয়া ঘাটে আছি। গতকাল ফেরিতে ওঠার সিরিয়াল পাইলেও ও ফেরির চলাচল বন্ধ হওয়ায় আর ফেরিতে উঠতে পারি নাই। আজকেও একই অবস্থা। আমরা ঘাটে বৃষ্টিতে ভিজে, কোনো রকম খেয়ে না খেয়ে কাটাচ্ছি। আমাদের কাছে যে টাকা ছিল, তা-ও শেষ।
চন্দ্রা পরিবহনের চালক মো. আলম চান প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাত থেকে আজকে শুক্রবার পর্যন্ত বাস নিয়ে ঘাটে অপেক্ষা করছি। বাসের যাত্রীরা বৃষ্টিতে থাকা, খাওয়া নিয়ে খুব কষ্টে আছে। ফেরি নাকি চলছে না। কে জানে কখন নদী পার হতে পারব।
শিমুলিয়া ঘাটের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টি আই) মো. কাজলের সঙ্গে কথা হয় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে। তিনি প্রথম আলোকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল নয়টা পর্যন্ত ফেরি চলাচল প্রায় বন্ধই ছিল। তাই গত রাত থেকে চারটি ঘাটে যানবাহনের চাপ খুব বেড়ে যায়। শুক্রবার ছুটি থাকায় চাপের মাত্রা আরও অনেক বেশি হয়ে যায়।
কাঁঠালবাড়ি ঘাটেও একই অবস্থা। নদীতে উত্তাল ঢেউ আর ঝোড়ো বাতাসের কারণে দুপুর ১২টার দিকে ঘাট থেকে সব ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
কাঁঠালবাড়ি ঘাটের পুলিশ পরিদর্শক নাসিরউদ্দিন সরকার বলেন, ঘাট এলাকায় আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। ফেরি চলাচল বন্ধ থাকায় এই ঘাটে প্রায় তিন শ যানবাহন আটকা পড়েছে।
ফেরিঘাটের টার্মিনাল সুপারভাইজার আনোয়ার হোসেন বলেন, পদ্মা নদীতে ঢেউ থাকায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।