শিমুলিয়া-কাওরাকান্দি নৌ পথ লঞ্চ, স্পিডবোট ও ডাম্প ফেরি বন্ধ
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়া এবং বৈরী আবহাওয়ায় নদীতে প্রচণ্ড ঢেউ সৃষ্টি হওয়ায় আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে লঞ্চ, স্পিডবোট ও ছয়টি ডাম্প ফেরি চলাচল বন্ধ রয়েছে।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ায় উত্তাল ঢেউ ও প্রচণ্ড স্রোতের কারণে ডাম্প ফেরিগুলো চলতে পারছিল না। তাই এই রুটে চলাচলকারী ছয়টি ডাম্প ফেরি বন্ধ রাখা হয়। তবে রো রো ফেরিসহ অপর ১২টি ফেরি দিয়ে যান পারাপার অব্যাহত রাখা হয়েছে। কিন্তু স্রোতের কারণে ফেরিগুলোর আসা যাওয়ায় সময় বেশি লাগছে।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিএ এর ট্রাফিক পরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, নদী প্রচণ্ড উত্তাল থাকায় ও আবহাওয়া অধিদপ্তরের দুই নম্বর বিপদ সংকেত থাকায় লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে যাত্রীরা ফেরিতে করে পারাপার হচ্ছে।
শিমুলিয়া ঘাট সূত্রে জানা যায়, শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে ৮৬ লঞ্চ ও প্রায় সাড়ে ৪ শত স্পিডবোট চলাচল করে থাকে।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি এর ব্যবস্থাপক মো. আশিকুজ্জামান বলেন, নদী শান্ত হলে আবার ডাম্প ফেরি চলাচল শুরু হবে।