শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথ স্বাভাবিক হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথ এখনো স্বাভাবিক হয়নি। প্রচণ্ড স্রোতের কারণে গতকাল মঙ্গলবার আটটি ফেরি চলতে পারেনি। এদিকে ডুবোচরের কারণে ভাটার সময় বড় ফেরি চলাচলও বিঘ্নিত হচ্ছে। ফলে ঘাটের উভয় পাশে দীর্ঘ যানজট হচ্ছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট কার্যালয় সূত্র জানায়, নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরিগুলো চলতে পারছে না। স্রোতের কারণে গতকাল মোট ১৭টি ফেরির মধ্যে আটটি বন্ধ রাখা হয়। গতকাল সকালে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি রো রো ফেরি লৌহজং টার্নিং পয়েন্টে ডুবোচরে আটকা পড়ে। শাহপরান নামের ফেরিটিকে পরে উদ্ধারকারী জাহাজ গিয়ে উদ্ধার করে। তবে ভাটার কারণে ফেরিটিকে শিমুলিয়া ঘাটেই ফিরে আসতে হয়। বেলা ১২টার দিকে জোয়ার এলে কাওরাকান্দি ঘাটের উদ্দেশে রওনা হয় শাহপরান।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ফেরিসংকটের কারণে গতকাল সকাল থেকেই শিমুলিয়া ও কাওরাকান্দিতে যানবাহনের চাপ বাড়তে থাকে। ঘাটের উভয় পাশেই চার থেকে পাঁচ শ করে গাড়ি আটকা পড়ে।

যানজটে পড়া বাসযাত্রী সারোয়ার মাহমুদ বলেন, বর্ষা এলেই এই ফেরিঘাটে সমস্যা শুরু হয়ে যায়। পদ্মার ভাঙন, ডুবোচর, স্রোত—এমন নানা সমস্যার কারণে ফেরি বন্ধ রাখা হয়। অথচ কর্তৃপক্ষ আগে থেকে সতর্ক থাকলে এমনটা হওয়ার কথা নয়।

বিআইডব্লিউটিসি বলছে, বর্ষা মৌসুমে উজানের পাহাড়ি ঢলের কারণে প্রতিদিনই পলিমাটি এসে শিমুলিয়া ও মাওয়া ঘাট এলাকায় পদ্মা ভরাট হয়ে যাচ্ছে। এ কারণে এই নৌ-চ্যানেল স্বাভাবিক রাখা যাচ্ছে না। তবে সংকট প্রকট আকার ধারণ করার আগেই ব্যবস্থা নিচ্ছে তারা।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী বলেন, নদীতে প্রচণ্ড স্রোতের কারণেই এখন বেশি সমস্যা হচ্ছে। ডুবোচর এখনো বড় সমস্যা নয়। তবে পানি কমলেই ডুবোচর নিয়ে সমস্যা শুরু হবে। বিষয়টি মাথায় রেখে খননকাজের জন্য জরিপ শুরু করেছে সমুদ্র পরিবহন অধিদপ্তর। তবে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে গত দুদিন তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারেনি। জরিপ শেষ হলেই খননকাজ শুরুর সম্ভাবনা রয়েছে।