শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে নৌচলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে আজ রোববার সকাল ছয়টার পর থেকে নৌযান চলাচল শুরু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে গতকাল শনিবার রাত সাড়ে ১০টা থেকে আজ রোববার ভোর ছয়টা পর্যন্ত সেখানে নৌযান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।

শিমুলিয়া ঘাটের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেনের ভাষ্য, সকাল ছয়টার পর ফেরি চলাচল শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নৌযান চলাচল বন্ধ থাকায় ঘাটে যানজট শুরু হয়। সকাল থেকে গাড়িগুলো ধীরে ধীরে পার হচ্ছে।

এদিকে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় জেলাগুলোতে গতকাল প্রায় দিনভর বৃষ্টির কারণে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়েছে। বৃষ্টির দুর্ভোগ ভুগিয়েছে রাজধানীর মানুষকেও। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসের কাজ বন্ধ রয়েছে। কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলছে না পর্যটকবাহী জাহাজ ও ট্রলার।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ সকালে চট্টগ্রাম ও বরিশাল উপকূল অতিক্রম করতে পারে।