শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি বন্ধ
নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল গতকাল শুক্রবার রাত থেকে বন্ধ রয়েছে। জোয়ারের কারণে ছোট ফেরি চলাচল করলেও আজ শনিবার সকাল থেকে নদীতে তীব্র স্রোত থাকায় সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ছোট-বড় ও মাঝারি মিলে মোট ১৮টি ফেরি চলাচল করে। গতকাল রাত আটটা থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে।
শিমুলিয়া ঘাট সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানান, এই সমস্যা গত এক সপ্তাহ ধরে চলছে। শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথের লৌহজং টার্নিং পয়েন্টে পলি পড়ে বর্তমানে ছয় ফুট নাব্যতা বিরাজ করছে। ফেরি চলাচলের জন্য আট ফুট গভীরতা বা নাব্যতার প্রয়োজন হয়।
গত এক সপ্তাহ ধরেই এই সংকট থাকায় মাওয়াঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে এই নৌপথে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। শিমুলিয়া ও কাওড়াকান্দিতে পণ্যবাহী চার শতাধিক ট্রাক ও বাস পারাপারের অপেক্ষায় আটকা পড়ে আছে।
শিমুলিয়া ঘাটে আটকে থাকা ট্রাকচালক রবিউল ইসলাম জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় গত দুদিন ধরে তিনি এখানে বসে আছেন। নদী পার হওয়া এখন অনিশ্চিত।
ঘাটে আটকে পড়া যাত্রী সায়রা বেগম বলেন, ‘কর্তৃপক্ষকে আগে থেকেই এ বিষয়ে সচেতন হওয়া উচিত ছিল।’
অপর যাত্রী মুজিবর রহমান বলেন, ‘যাত্রীদের দুর্ভোগের কথা যদি তাঁরা ভাবতেন, তবে আগে থেকে ব্যবস্থা নিতেন। গতকাল সকাল ১০টায় ঢাকা থেকে বাসে করে খুলনা যাব ভেবে পরিবার নিয়ে শিমুলিয়া ঘাটে আসি। ঘাটে এসে দেখি ফেরি বন্ধ। এই অবস্থা শুনে এখন কেমন লাগার কথা আপনিই বলেন।’
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক আশিকুজ্জামান আজ প্রথম আলোকে বলেন, নদীতে এ মুহূর্তে প্রচণ্ড স্রোত। তাই ড্রেজিং করা সম্ভব হচ্ছে না। পদ্মা সেতুর পাইলিংয়ের কাজ করার কারণেই এই সংকট সৃষ্টি হয়েছে। ঘাটের এই অবস্থা শুনে গতকাল নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এবং বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যানসহ কর্মকর্তারা ঘাট পরিদর্শন করে এই সংকট নিরসন না হওয়া পর্যন্ত বিকল্প পথে চলাচলের জন্য সকলকে অনুরোধ করেছেন।
আশিকুজ্জামান বলেন, পদ্মা সেতুর কাজে যে খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে, তা বেশ শক্তিশালী। তাই এখানে পদ্মা সেতুর খননযন্ত্র ব্যবহারে নৌপরিবহন মন্ত্রীর কাছে দাবি তোলা হয়েছে।