শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের বাড়তি চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাওয়ার অন্যতম নৌপথ শিমুলিয়া-কাওরাকান্দিতে ঈদে ঘরমুখো মানুষের বাড়তি চাপ রয়েছে। আজ বুধবার সকাল ছয়টা থেকে ঘাটটিতে মানুষের চাপ বাড়তে থাকে।
ঘাটের শিমুলিয়া প্রান্তে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ছোট-বড় মিলিয়ে প্রায় ৭০০ গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। ফেরি, লঞ্চ ও স্পিডবোটের মাধ্যমে ঘরমুখো মানুষ পদ্মা নদী পার হচ্ছেন।
বাগেরহাট যাওয়ার উদ্দেশে শিমুলিয়া ঘাটে এক ঘণ্টার বেশি সময় ধরে পারাপারের অপেক্ষায় রয়েছেন আলিমুজ্জামান নামের এক বাস যাত্রী। তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে তাঁদের বাস অপেক্ষার সারিতে থাকার পরও ফেরিতে ওঠার সুযোগ পাচ্ছে না। তবে সিরিয়াল ঠিকমতো মানা হচ্ছে না। সারির বাইরে থাকা মাইক্রোবাস ও প্রাইভেট কারগুলোকে ফেরিতে উঠতে দেওয়া হচ্ছে। এতে বাসের সারি আরও দীর্ঘ হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া ঘাটের ব্যবস্থাপক আশিকুজ্জামান বলেন, ছোট গাড়িগুলো ফেরিতে তোলার বিষয়ে সিরিয়ালে কিছুটা সমস্যা হতে পারে। তবে ১৮টি ফেরির মাধ্যমে এ ঘাট থেকে যাত্রীদের পারাপার করা হচ্ছে। বিআইডব্লিউটিসির লোকজন ঘাটে থেকে সারাক্ষণ তদারক করছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শিমুলিয়া ঘাটের ট্রাফিক পরিদর্শক (টিআই) তোফাজ্জেল হোসেন বলেন, এই ঘাট দিয়ে যাত্রী পারাপারে ৮৭টি লঞ্চ নিয়োজিত। সিরিয়াল মেনে লঞ্চগুলোকে ঘাট থেকে ছাড়া হচ্ছে। যাত্রীরা যেন পন্টুনে এসে অতিরিক্ত ভিড় করতে না পারে, এ জন্য প্রতিটি লঞ্চের জন্য প্রয়োজনীয় সংখ্যক যাত্রীদের ঘাট থেকে পন্টুনে আসতে দেওয়া হচ্ছে। নির্দিষ্ট ধারণ ক্ষমতা পর্যন্ত যাত্রী বোঝাই হলেই লঞ্চগুলো ঘাট থেকে ছেড়ে যেতে দেওয়া হচ্ছে। ঈদ উপলক্ষে যাত্রীর চাপ বেশি থাকার পরও লঞ্চগুলোকে অতিরিক্ত যাত্রী বোঝাই করতে দেওয়া হচ্ছে না বলে দাবি করেন তিনি।