শিমুলিয়া থেকে তিন নৌ রুটে নৌ চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ার কারণে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে মাদারীপুরের শীবচরের কাওড়াকান্দি, শরীয়তপুরের মাঝিকান্দি ও চরজানাজাত—এই তিন নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল দ্বিতীয় দফা বন্ধ করে দেওয়া হয়। প্রচণ্ড ঝোড়ো হাওয়ার কারণে আজ রোববার বিকেল সোয়া চারটা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
এর আগে আজ সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত একই কারণে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। বেলা ১১টার দিকে আবহাওয়ার উন্নতি হলে নৌপরিবহন চলাচল শুরু হয়।
বিকেলে শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, আবহাওয়া খারাপ হওয়ায় শিমুলিয়া থেকে কাওরাকান্দি, মাঝিকান্দি, চরজানাত নৌপথে লঞ্চ, স্পিডবোট, ছোট ও মাঝারি ফেরি বন্ধ করে দেওয়া হয়। কেবল চারটি রো রো ফেরি দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। তবে ফেরি কম চলার কারণে শিমুলিয়া ঘাটে ছোট–বড় মিলিয়ে প্রায় দেড় শ গাড়ি ছিল। কাওড়াকান্দি ঘাটে আরও বেশি গাড়ি আটকা পড়ে আছে বলে সেখান থেকে আসা যাত্রীরা জানান।
বিকেলে সাড়ে চারটায় যাত্রী রুবেল খান বলেন, নদীতে প্রচণ্ড বাতাস। ঝুঁকি থাকায় লঞ্চ ও স্পিডবোট বন্ধ করে দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে এখন ফেরিতে নদী পার হতে হচ্ছে। ফেরিতেও প্রচুর ভিড়। দাঁড়ানোই কষ্ট হয়ে যায়।
বিকেলে পাঁচটায় ট্রাকচালক সামছুল আলম বলেন, ‘ভোর পাঁচটায় শিমুলিয়া ঘাটে আসি। এখনো ফেরির সিরিয়াল পাইনি। সকালে একবার ফেরি বন্ধ ছিল। কয়েক ঘণ্টা চলার পরে এখন আবার বন্ধ হয়ে যায়। নদীর অবস্থা দেখে ফেরি কম থাকায় মনে হচ্ছে আজ আর ফেরিতে পার হওয়া সম্ভব হবে না। ’
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক শাহাদাত হোসেন বলেন, বাতাসের কারণে নদীতে প্রচণ্ড ঢেউ আর স্রোত। এ অবস্থায় লঞ্চে চলাচল ঝুঁকিপূর্ণ। তাই সকালে একবার বন্ধ করা হয়েছিল। এখন বিকেল সোয়া চারটা থেকে দ্বিতীয়বারের মতো বন্ধ করে দেওয়া হয় লঞ্চ ও স্পিডবোট।
শিমুলিয়া ঘাটে দায়িত্বরত পুলিশের এ আই মোল্লার হোসেন বলেন, রো রো ফেরি দিয়ে এখন যান পারাপার স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। ছোট ও মাঝারি অন্য সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে।