শিমুলিয়ায়-কাঁঠালবাড়ি নৌ চলাচল ব্যাহত, সড়কে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিমুলিয়া ঘাটে অপেক্ষায় থাকা যানবাহন। ছবি: প্রথম আলো
শিমুলিয়া ঘাটে অপেক্ষায় থাকা যানবাহন। ছবি: প্রথম আলো

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও মাদারীপুর শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে পদ্মার প্রচণ্ড ঢেউ ও তীব্র স্রোতের কারণে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টা থেকে আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত এই নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলাচল প্রয়োজনের তুলনায় কম। এতে ঘাট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার জন্য গতকাল সকাল থেকে নদীতে প্রচণ্ড বাতাস বইতে থাকে। নদী উত্তাল হয়ে ওঠে। প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। তাই দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। উত্তাল ঢেউ ও স্রোতের কারণে শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ি ঘাটে পারাপারে মাত্র ১০টি ফেরি চলাচল করছে। স্বাভাবিক অবস্থায় ১৭টি ফেরি চলে।

প্রচণ্ড ঢেউ ও স্রোতের কারণে সোমবার বেলা সাড়ে ১০টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত শিমুলিয়া ঘাট থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। ছবি: প্রথম আলো
প্রচণ্ড ঢেউ ও স্রোতের কারণে সোমবার বেলা সাড়ে ১০টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত শিমুলিয়া ঘাট থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। ছবি: প্রথম আলো

ঘাট সূত্রে জানা যায়, উত্তরাঞ্চলের বন্যার পানি বঙ্গোপসাগরে যাচ্ছে পদ্মা নদী দিয়ে। তাই এ নৌপথে এখন প্রচুর স্রোত। স্রোত ঠেলে ফেরিগুলো গতি তুলতে পারছে না। লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে মাদারীপুর শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে যেতে আগের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় যাত্রীদের ভিড় বেড়েছে ফেরিতে। এ কারণে ঘাট এলাকায় পারাপারে অপেক্ষায় আছে যানবাহনের দীর্ঘ সারি। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহনের শ্রমিকেরা।

বরিশালগামী ট্রাকচালক বাবুল সর্দার আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘তিন দিন ধরে পারাপারের জন্য শিমুলিয়া ঘাটে অপেক্ষা করছি। কবে সিরিয়াল পাব জানি না।’

সাতক্ষীরাগামী ট্রাকচালক রুহুল আমিন আক্ষেপের সঙ্গে বলেন, ‘ঘাটে এসেছি চার দিন। আর কত দিন থাকতে হবে কে জানে? খরচের জন্য মালিকপক্ষ যে টাকা দিয়েছিল, তাও শেষ। বৃষ্টিতে ভিজে থাকা দায়।’

শিমুলিয়া ঘাটে অপেক্ষমাণ যানবাহনের সারি। ছবি: প্রথম আলো
শিমুলিয়া ঘাটে অপেক্ষমাণ যানবাহনের সারি। ছবি: প্রথম আলো

মেঘনা পরিবহনের যাত্রী সুমন বণিক বলেন, ‘আজ সকালে ঢাকা থেকে শিমুলিয়ায় এসেছি। এখন পর্যন্ত ঘাটেই যেতে পারিনি। শুনেছি, ফেরিও সীমিত আকারে চলাচল করছে। কখন যে ফেরিতে উঠতে পারব কে জানে।’

যশোরগামী প্রাইভেট কারের যাত্রী গোলাম সারোয়ার বলেন, ‘ঘাটে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা নিয়ম হয়ে গেছে। কুয়াশা, ঝড়, বৃষ্টি, ঈদ, পূজা, যা-ই হোক না কেন, ঘাটে এসে ভোগান্তিতে পড়তেই হবে।’

এ বিষয়ে জানতে চাইলে শিমুলিয়া ঘাটের ট্রাফিক পরিদর্শক (টিআই) সিদ্দিকুর রহমান বলেন, লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় যাত্রীদের ফেরিতে করে পারাপার হতে হচ্ছে। এ ছাড়া ফেরির সংখ্যা কম। পারাপারেও বেশি সময় নিচ্ছে। এ কারণে ঘাটে এবং মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। তিনি জানান, শিমুলিয়া ঘাট থেকে পদ্মা সেতুর টোল প্লাজা ছাড়িয়ে মাওয়ার চার রাস্তার মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

ট্রাকে করে ফেরি পার হতে মানুষের ভিড় বেড়েছে। ছবি: প্রথম আলো
ট্রাকে করে ফেরি পার হতে মানুষের ভিড় বেড়েছে। ছবি: প্রথম আলো

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক খালিদ নেওয়াজ প্রথম আলোকে জানান, স্বাভাবিক সময় ছোট-বড় ১৭টি ফেরি পারাপারের কাজে ব্যবহার করা হয়। ঢেউ ও স্রোতের কারণে গত রোববার রাত থেকে সীমিত আকারে ফেরি চলাচল করছে। শুধু ঘাট এলাকায় কমপক্ষে সাত শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। এর মধ্যে ট্রাকের সংখ্যাই বেশি। সমস্যা সমাধানের জন্য পরিবহনের চালকদের অন্য পথ ব্যবহারের পরামর্শ দেন তিনি।