শিমুলিয়ায় তীব্র স্রোত, যাত্রী দুর্ভোগ
মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে পদ্মার তীব্র স্রোত ও প্রয়োজনের তুলনায় ফেরি কম হওয়ায় বিপাকে পড়ছেন ঈদে ঘরমুখী যাত্রীরা।
নদীতে প্রচুর স্রোত থাকায় ফেরি পারাপারে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। এতে ঘাট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে ঈদে ঘরমুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে সাত শতাধিক ছোট-বড় যানবাহন।
উত্তরাঞ্চলের বন্যার পানি বঙ্গোপসাগরে দিকে যাচ্ছে পদ্মা নদী দিয়ে। তাই এ নৌপথে এখন প্রচুর স্রোত। এই স্রোত ঠেলে যেতে হচ্ছে বলে ফেরিগুলো গতি তুলতে পারছে না। লৌহজং শিমুলিয়া ঘাট থেকে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে যেতে যেখানে এক ঘণ্টা সময় লাগত, সেখানে এখন দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগছে। এ পরিস্থিতিতে ঘাটে যদি ফেরি বাড়ানো না হয়, তবে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন যাত্রী ও চালকেরা।
বরিশালগামী ট্রাকচালক বাবুল সর্দার বলেন, ‘গতকাল সোমবার রাত থেকে পারাপারের জন্য ঘাটে অপেক্ষা করছি। সকাল সাড়ে ১০টা বাজলেও সিরিয়াল পাইনি।’
মেঘনা পরিবহনের যাত্রী কামারুজ্জামান ঢালী বলেন, ‘ঈদে যাত্রী পারাপারের জন্য যে কটা ফেরি আছে, তা প্রয়োজনের তুলনায় কম। ভোর থেকে ঘাটে এসে অপেক্ষা করছি। জানি না কখন পার হতে পারব।’
শিমুলিয়া ফেরিঘাট এলাকার দায়িত্বে থাকা পুলিশের পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান জানান, ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ অনেক বেড়েছে। গতকাল রাত থেকেই রো রো ফেরিঘাটে সংস্কারকাজ করায় যানবাহনের পরিমাণ বেড়েছে। শিমুলিয়ার চারটি ঘাটে ও সড়কে প্রায় সাড়ে ছয় শতাধিক যানবাহন অপেক্ষমাণ।
শিমুলিয়া ঘাটের সহকারী পরিচালক খন্দকার খালিদ দেওয়ান জানান, ফেরিগুলো আগে শুধু এক চ্যানেল দিয়েই যাতায়াত করত। কিন্তু এখন তা লৌহজং বিকল্প চ্যানেল দিয়ে যাচ্ছে। ফলে আগের চেয়ে চার কিলোমিটার বেশি পথ ঘুরতে হয়। নদীতে স্রোত ও ফেরি যাওয়া-আসায় ভিন্ন চ্যানেল ব্যবহারের কারণে পারাপারে সময় বেশি লাগছে।
খন্দকার খালিদ দেওয়ান জানান, ফেরি যথেষ্ট আছে। কিন্তু ঘাট দেওয়ার মতো যথেষ্ট জায়গা নেই। বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে। ঈদুল আজহা সামনে রেখে ৩০ আগস্ট থেকে ১৯টি ফেরি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের তিন দিন আগে থেকে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের ট্রাক ঘাটে আসা বন্ধ করে দেওয়া হবে। কোনো ফেরিতে ত্রুটি দেখা দিলে তা মেরামতে ভাসমান কারখানা তৈরি করা হয়েছে। এতে কিছুটা হলেও যাত্রী দুর্ভোগ কমবে।