শিমুলের ডালে ডালে পানকৌড়ি

চারদিকে সবুজের সমারোহ। মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে একটি শিমুলগাছ। বিকেলের সোনালি রোদে গাছের ডালে ডালে পানকৌড়ির পালক জ্বলজ্বল করছে। একটি গাছে একসঙ্গে এত পানকৌড়ি দেখে শতব্যস্ততার মধ্যেও অনেক পথচারী একটু দাঁড়িয়ে চোখ জুড়িয়ে নিচ্ছেন। আর তা দেখে প্রাণ জুড়ায় ওই গাছের মালিক যাদব রায়ের।
যাদব রায়ের বাড়ি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কেউটান গ্রামে। যাদব রায় বলেন, ‘পাখিদের সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। আর এখানে পাখি আসে বলেই প্রতিদিন দূর-দূরান্ত থেকে কত মানুষ দেখতে আসে। দেখে ভালো লাগে। প্রতিবছর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ওরা যখন চলে যায়, তখন বুকটা ফাঁকা ফাঁকা লাগে। আবার যখন ফিরে আসে তখন বুক ভরে যায়। পাখির কারণে ক্ষতি হলেও, সব ক্ষতি আমি নিয়েছি মেনে।’
সম্প্রতি সরেজমিনে দেখা গেল, কুলিক নদীর পাশে সব গাছ ছাড়িয়ে মাথা উঁচু করে আছে একটি শিমুলগাছ। শিমুলগাছের ডালে ডালে শুধু পানকৌড়ি আর পানকৌড়ি। কত যে পানকৌড়ি, তার হিসাব নেই। পানকৌড়ির কলকাকলিতে মুখর চারদিক। আর এই দৃশ্য দেখতে ভিড় করেছে অনেক মানুষ।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বছর সাতেক আগে নভেম্বর মাসের এক বিকেলে চার-পাঁচটি পাখি গাছটির ডালে এসে বসে। পরদিন আসে আরও কয়েকটি পাখি। এর কয়েক দিন পর পাখিতে ভরে যায় গোটা গাছ। পাখিগুলোর অধিকাংশই পানকৌড়ি। এখন অন্য সব পাখি কম এলেও প্রতিবছর অক্টোবর-নভেম্বর মাসে পানকৌড়িগুলো দখলে নেয় শিমুলগাছটি। রাতে নিরাপদ আশ্রয়ে থেকে সকাল হলেই পানকৌড়িগুলো বেরিয়ে যায় খাদ্যের খোঁজে। আবার ফিরে আসে সন্ধ্যায়।
যাদব রায় বলেন, ‘সকাল হলেই গাছের নিচে পড়ে থাকতে দেখা যায়, নানা প্রজাতির মাছ। সেগুলোর পচা দুর্গন্ধে আশপাশে টেকা যেত না। এ কারণে প্রথমে পাখিগুলোকে তাড়িয়ে দিয়েছিলাম। এরপরও পাখিগুলো দল বেঁধে আবারও আমার গাছেই ফিরে আসে।’ শিমুলগাছের আশপাশ পানকৌড়ির বিষ্ঠায় সাদা হয়ে গেছে। বিষ্ঠার তেজস্ক্রিয়তায় মারা গেছে অনেক মূল্যবান গাছপালা। প্রতিবছর শিমুলগাছটি থেকে হাজার দশেক টাকার তুলা পাওয়া যেত। পানকৌড়ির উৎপাতে এখন গাছে আর ফল ধরে না। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনি। এ ছাড়া পাখি শিকারিদের উৎপাতও রয়েছে। সুযোগ পেলেই যুবকেরা হাতে বন্দুক নিয়ে চলে আসেন পাখি শিকারে। তখন ওদের সঙ্গে বেঁধে যায় বাগ্বিতণ্ডা। বছর দুয়েক আগে বাগ্বিতণ্ডার একপর্যায়ে একদল যুবকের সঙ্গে তঁার হাতাহাতিরও ঘটনা ঘটে। সে সময় তিনি ডান হাতে প্রচণ্ড আঘাত পান। আঘাতের সেই ব্যথা আজও তাঁকে ভোগাচ্ছে। তবুও ভোলেননি পাখিদের।
এ বিষয়ে ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মাজেদ জাহাঙ্গীর বলেন, প্রাণিকুলের স্বভাব হলো তারা যেখানে নিরাপদ মনে করে, সেখানেই আশ্রয় নেয়। সেই আশ্রয়ে বাসাও বাঁধে। নিরাপত্তার কারণেই পানকৌড়িগুলো যাদব রায়ের শিমুলগাছে ফিরে ফিরে আসে।