
সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলায় এবারও শিমের ফলন ভালো হয়েছে। গতবারের তুলনায় বেড়েছে চাষ। মৌসুমের শুরু থেকে ভালো দামে শিম বিক্রি করে খুশি চাষিরাও।
সাতকানিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়, উপজেলায় এ বছর ৩৫০ হেক্টর জমিতে স্থানীয় জাতের শিমের চাষ হয়েছে, যা গত বছর ছিল ৩২৫ হেক্টর। ওই বছর প্রতি হেক্টরে ফলন হয়েছে ১১ থেকে ১২ মেট্রিক টন। পুরো উপজেলায় ফলন হয়েছিল প্রায় ৩ হাজার ৯০০ মেট্রিক টন। এ বছর মৌসুমের শুরুতেই চাষিরা প্রতি মণ শিম বিক্রি করেছেন ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায়। গত বছর বিক্রি হয়েছিল ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়।
চন্দনাইশ উপজেলার দোহাজারী ব্লকে দায়িত্ব পালনকারী উপসহকারী কৃষি কর্মকর্তা মৃণাল কান্তি দাশ জানান, চন্দনাইশ উপজেলায় প্রায় ৩০০ হেক্টর জমিতে শিমের চাষ হয়েছে। উপজেলার শুধু দোহাজারী ইউনিয়নেই চাষ হয়েছে ১২০ হেক্টর। গত বছরের তুলনায় এ বছর শিমের ফলন ভালো হয়েছে। প্রতি হেক্টরে ১২ থেকে ১৪ মেট্রিক টন পর্যন্ত শিমের ফলন পাওয়া যাবে।
মৃণাল কান্তি দাশ আরও বলেন, মৌসুমের শুরুতে গরম আবহাওয়ার কারণে শিমের ফলন একটু কম হয়েছিল। তবে ওই সময়ও শিমের ভালো দাম পেয়েছিলেন কৃষকেরা। এখন শিমের ভরা মৌসুম। শিমখেতে ফুল ও ফলন ভালোই দেখা যাচ্ছে।
দক্ষিণ চট্টগ্রামের সবজির প্রধান পাইকারি বাজার দোহাজারীর সবজির ব্যবসায়ীরা জানান, তাঁরা চাষিদের কাছ থেকে শিম কিনে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম নগরসহ আশপাশের বিভিন্ন এলাকার হাটবাজারে সরবরাহ করছেন।
সাতকানিয়ার পাইকারি সবজি ব্যবসায়ী আহমদ হোসেন ও চন্দনাইশের মোহাম্মদ মনসুর বলেন, এখন শীতের সবজির ভরা মৌসুম। গত বছর এই সময়ে প্রতি কেজি শিমের পাইকারি দাম ছিল ১০ থেকে ১৫ টাকা। এ বছর প্রতি কেজি শিমের দাম ২০ থেকে ২৫ টাকা।
১০ জানুয়ারি সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন ও চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকায় গিয়ে দেখা গেছে, শঙ্খতীরের বিভিন্ন শিমখেত ফুলে ফুলে ছেয়ে গেছে। পাশাপাশি থোকায় থোকায় ঝুলে আছে শিম। কৃষক ও শ্রমিকেরা একদিকে শিমখেতের পরিচর্যা করছেন, অন্যদিকে শিম তুলতে ব্যস্ত সময় পার করছেন। দোহাজারী এলাকার শিমচাষি এম ফয়েজুর রহমান জানান, তিনি প্রায় তিন একর জমিতে শিমের চাষ করেছেন। ফলন হয়েছে খুব ভালো। দাম পাচ্ছেন আশানুরূপ। বাজালিয়া ইউনিয়নের মধ্য বাজালিয়া এলাকার চাষি আবুল কাসেম বলেন, প্রতি কানি জমিতে শিম চাষে তাঁর খরচ পড়েছে প্রায় ৫০ হাজার টাকা। তিনি আশা করছেন প্রতি কানি জমির শিম বিক্রি করে ৭৫ থেকে ৯০ হাজার টাকা পাবেন।
এ প্রসঙ্গে সাতকানিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. শোয়েব মাহমুদ বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকার সবজির চাষিদের নিয়ে আমরা সভা করেছি, আবার বিভিন্ন পরামর্শও দিয়ে আসছি। সে হিসেবে চাষিরা শিমখেতে ভালো ফলন পাচ্ছেন। দামও ভালো পাওয়ায় উপজেলায় প্রতিবছরই শিমের চাষ বাড়ছে।’