শিয়রবর বাজার গিলছে মধুমতী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে লোহাগড়া উপজেলায় মধুমতী নদীর ভাঙনের কবলে পড়েছে শিয়রবর বাজার। গত এক মাসে এ বাজারের ২৬টি দোকান, একটি মসজিদ, বিশ্রামাগারসহ ৪১টি স্থাপনা বিলীন হয়ে গেছে। ছবিটি গতকাল তোলা, প্রথম আলো
নড়াইলে লোহাগড়া উপজেলায় মধুমতী নদীর ভাঙনের কবলে পড়েছে শিয়রবর বাজার। গত এক মাসে এ বাজারের ২৬টি দোকান, একটি মসজিদ, বিশ্রামাগারসহ ৪১টি স্থাপনা বিলীন হয়ে গেছে। ছবিটি গতকাল তোলা, প্রথম আলো

মধুমতী নদীর ভাঙনে নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়রবর বাজার বিলীন হয়ে যাচ্ছে। গত এক মাসে এ বাজারের ২৬টি দোকান, একটি মসজিদ, বিশ্রামাগারসহ ৪১টি স্থাপনা বিলীন হয়ে গেছে। একই সময়ে বাজারসংলগ্ন ১৯টি পরিবার তাদের বসতভিটা ও ফসলি জমি হারিয়েছে।
গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার উত্তরে শিয়রবর বাজার। বাজারের এক-তৃতীয়াংশ এবং বাজারসংলগ্ন শিয়রবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন বিলীন হয়ে গেছে। এখনো ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত নারায়ণ চৌধুরীর পরিবার বাজারের রাস্তার পাশে ছাপড়া তুলে বাস করছেন। তিনি বলেন, ‘এর আগে তিনবার আমার বসতভিটে মধুমতী গিলিছে। ফসলি জমি সব নদীতে। আমার সব শেষ।’
শিয়রবর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হাসান মুন্সী জানান, গত এক মাসে বাজারের ২৬টি দোকান, পাঁচটি সরকারি চান্দিনা, বিশ্রামাগার, বঙ্গবন্ধু পাঠাগার, কসাইখানা, ছয়টি শৌচাগার, মসজিদ, বাজারের প্রবেশ সড়ক এবং বাজারের বিদ্যুৎলাইনের পাঁচটি খুঁটি নদীতে চলে গেছে। ফলে বাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। হুমকির মুখে রয়েছে এই বাজারের ৮৯টি দোকান।
বাজারের মুদি দোকানদার আকতার মোল্লা জানান, নদীতে দোকানটি ভেঙে যাওয়ায় এখন তাঁর কোনো আয় নেই। হোটেলমালিক জিন্নাহ মুসল্লি জানান, তাঁর হোটেল নদীতে গেছে। এখন পুরো বাজারই নদীতে যাচ্ছে।
শালনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লাবু মিয়া জানান, শিয়রবর বাজারে সহস্রাধিক ব্যবসায়ী আছেন। ভাঙন অব্যাহত থাকায় তাঁরা এখন চিন্তিত হয়ে পড়েছেন। বাজারের ভাঙন প্রতিরোধে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির একটি প্রকল্পের আওতায় ২৫ টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছিল। মে মাসে প্রকল্প কমিটি ভাঙন প্রতিরোধের কাজ শেষ করে। কিন্তু জুলাইয়ের শেষের দিকে ভাঙন প্রতিরোধের জন্য তৈরি করা বাঁশের বেড়া ও বালুর বস্তা নদীতে বিলীন হয়ে যায়।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নড়াইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী জানান, শিয়রবর বাজারসংলগ্ন ভাঙন প্রতিরোধে জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় প্রায় ১৬ কোটি টাকার প্রকল্প প্রস্তাব তৈরি করে দুই বছর আগে পাউবোর প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। কিন্তু এখনো ওই প্রকল্প অনুমোদন হয়নি।