শিয়ালের কামড়ে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার নরদাশ ইউনিয়নের পূর্ব দৌলতপুর গ্রামে গত শনিবার রাতে শিয়ালের কামড়ে প্রায় ৫০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে ও অন্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সাত-আটজন বলেন, শনিবার রাত সাড়ে আটটার দিকে পূর্ব দৌলতপুর গ্রামের সিয়ারুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি মসজিদে এশার নামাজ পড়তে গিয়ে শিয়ালের আক্রমণের শিকার হন। তাঁর চিৎকারে লোকজন ছুটে এলে শিয়ালগুলো প্রায় ৫০ জনকে কামড়ায়।
এ ঘটনার পর গ্রামটিতে শিয়াল আতঙ্ক দেখা দিয়েছে। শিয়াল তাড়াতে পূর্ব দৌলতপুর, গোড়সার ও হুলিখালী গ্রামের লোকজন একজোট হয়েছেন। শিয়ালের আক্রমণ থেকে রক্ষা পেতে তাঁরা লাঠি, ধারালো অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে চলাফেরা করছেন। এলাকার জঙ্গল ও ঝোপঝাড়ে অভিযান চালিয়ে শিয়াল তাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ পর্যন্ত ১২টি শিয়াল পিটিয়ে মেরে ফেলা হয়েছে।
শিয়ালের আক্রমণে আহত তিন-চারজন বলেন, বন্যার পানি বাড়তে থাকায় শুক্রবার রাতে কমপক্ষে ৫০টি শিয়াল পূর্ব দৌলতপুর ও এর আশপাশের কয়েকটি গ্রামের জঙ্গল ও ধানখেতে আশ্রয় নেয়। দিনে তাদের তৎপরতা না থাকলেও সন্ধ্যার পর তারা লোকালয়ে ঢুকে পড়ে। ্
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুভাষ চন্দ্র পণ্ডিত বলেন, শিয়ালগুলো এডিসে আক্রান্ত। এগুলোর কামড়ে রোগ ছড়াতে পারে। তাই এলাকাবাসীকে সতর্ক হতে হবে এবং আক্রান্তদের ভ্যাকসিন (টিকা) দিতে হবে।