শিরশ্ছেদের কারণে সম্পর্কে প্রভাব পড়বে না: সৌদি রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল বুশাইরি বলেছেন, সৌদি আরবে আট বাংলাদেশির শিরশ্ছেদের কারণে দুই দেশের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। সৌদি আইন অনুযায়ী খুন হওয়া ব্যক্তির পরিবারের সদস্যরা খুনিদের ক্ষমা না করলে সরকারের কিছু করার থাকে না। গতকাল সোমবার ঢাকায় সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে আবদুল্লাহ এ কথা বলেন। সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের অনেক পুরোনো, গভীর ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ৩০ বছর ধরে বাংলাদেশিরা সৌদিতে বসবাস করছেন। খুনের বদলে খুন, এ আইনটি তাঁরা সবাই জানেন। আর এটা মেনেই তাঁরা বসবাস করছেন। আল্লাহর এ আইন বাস্তবায়নে মানুষের কোনো হস্তক্ষেপ খাটে না।’আট বাংলাদেশির শিরশ্ছেদ ঠেকাতে সৌদি সরকারও চেষ্টা করেছিল উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, খুন হওয়া মিসরীয় নাগরিকের পরিবারকে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে রক্তমূল্য দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তারা রাজি হয়নি। বাংলাদেশ ও মিসরের রাষ্ট্রদূত এ বিষয়টি সুরাহার চেষ্টা করেছেন। কিন্তু ওই মিসরীয় পরিবার বাংলাদেশিদের ক্ষমা করেনি। ফলে সৌদি সরকার ওই মিসরী নাগরিকের পরিবারের ইচ্ছা অনুযায়ী শিরশ্ছেদে বাধ্য হয়েছে। গত শুক্রবার রিয়াদে আট বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ওই একই দিনে একজন আফগান নাগরিককে হত্যার দায়ে একজন সৌদি নাগরিকেরও শিরশ্ছেদ করা হয়। ওই আফগান নাগরিকের পরিবার খুনিকে ক্ষমা না করায় সৌদি সরকারও তার নাগরিককে বাঁচাতে পারেনি।দুই দেশের রাষ্ট্রপ্রধান পর্যায়ে আলোচনা হলে আট বাংলাদেশির শিরশ্ছেদ ঠেকানো সম্ভব হতো কি না, এমন প্রশ্নের জবাবে আবদুল্লাহ বলেন, খুন হওয়া ব্যক্তির পরিবার রক্তের ঋণ মাফ করে না দিলে কারও কিছুই করার নেই। আল্লাহর আইনের ওপর মানুষের কোনো হস্তক্ষেপ চলে না উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এ নিয়ে মানবাধিকার সংস্থাগুলো নানা অভিযোগ করলেও সৌদি সরকারের কিছুই করার ছিল না। কেননা, মানবাধিকারের অবস্থান আল্লাহর আইনের ওপর হতে পারে না। সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয় বিচারিক প্রক্রিয়া আরবি ভাষায় হওয়ায় বাংলাদেশি নাগরিকদের পক্ষে আইনজীবী নিয়োগসহ আইনি লড়াই চালানো সম্ভব হয়নি। উত্তরে রাষ্ট্রদূত বলেন, এটা ঠিক নয়। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বিচারিক প্রক্রিয়ায় দ্বৈতভাষী যুক্ত ছিলেন। লন্ডনে এক সৌদি প্রিন্স বাড়ির পরিচারিকাকে খুন করার পরও তাঁর শিরশ্ছেদ করা হয়নি। সাংবাদিকেরা এই প্রশ্ন তুললে সৌদি রাষ্ট্রদূত বলেন, ওটা যুক্তরাজ্যের আইন ও সরকারের ব্যাপার। এই ঘটনা সৌদি আরবে ঘটলে সৌদি আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হতো।