শিরিন বানু ছিলেন মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য গতকাল মুক্তিযোদ্ধা শিরিন বানুর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হয়। এর আগে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয় l প্রথম আলো
সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য গতকাল মুক্তিযোদ্ধা শিরিন বানুর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হয়। এর আগে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয় l প্রথম আলো

বীর মুক্তিযোদ্ধা ও নারী নেত্রী শিরিন বানুকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনেরা বলেছেন, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাস স্রষ্টাদের অন্যতম। একজন নারী হিসেবে রণাঙ্গনে তাঁর বীরত্বগাথা নতুন প্রজন্মের মধ্যে এখনো উদ্দীপনার সঞ্চার করে। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা ও বিশ্বাসের প্রতীক।
বুধবার মধ্যরাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয় শিরিন বানুর। গতকাল শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহ রাখা হয় সর্বসাধারণের শ্রদ্ধা প্রদর্শনের জন্য। সেখানেই তাঁর সম্পর্কে এ কথাগুলো বলেন তাঁকে শ্রদ্ধা জানাতে আসা সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের আয়োজনে শিরিন বানুকে শ্রদ্ধা প্রদর্শনের প্রথম পর্বে রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আইয়ুববিরোধী গণ-আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সব প্রগতিশীল আন্দোলনে শিরিন বানু সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাস স্রষ্টাদের অন্যতম।
এ সময় সিপিবি সভাপতিসহ বিভিন্নজনের বক্তব্যে পাবনায় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে শিরিন বানুর বীরত্বপূর্ণ ভূমিকার বিষয়টি ঘুরেফিরে আসে। পুরুষের বেশে এই যুদ্ধে অংশ নেওয়া শিরিন বানু তখন ছিলেন পাবনা এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। বিষয়টি তখন আন্তর্জাতিক গণমাধ্যমেও স্থান পায়।
জ্যেষ্ঠ আইনজীবী আমিরুল হক তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধে শিরিন বানুর বীরোচিত ভূমিকার বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
শিরিন বানুর ঘনিষ্ঠ বন্ধু অ্যারোমা দত্ত বলেন, ‘তিনি ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ও বিশ্বাসের প্রতীক।’
শহীদ মিনারে শ্রদ্ধা প্রদর্শনের পর শিরিন বানুর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে কুমিল্লায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে গতকাল তাঁর দাফন হওয়ার কথা।
শিরিন বানুর জন্ম ১৯৫১ সালের ২ সেপ্টেম্বর। তাঁর বাবা খোন্দকার শাহজাহান মোহাম্মদ ও মা সেলিনা বানু দুজনেই সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন।
স্কুলজীবনেই ছাত্র ইউনিয়নে যোগ দেওয়া শিরিন বানু ১৯৭০-৭৩ সাল পর্যন্ত পাবনা জেলা ছাত্র ইউনিয়নের সভানেত্রী ও কিছু সময়ের জন্য পাবনা জেলা মহিলা পরিষদের যুগ্ম সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় নারী কমিটির সভানেত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।