শিরিনের আত্মহনন, সাবেক ইউপি সদস্য রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর সদর উপজেলায় গ্রাম্য সালিসে অপমানিত মাদ্রাসাছাত্রী শিরিন আক্তারের (১৫) আত্মহননের ঘটনায় সালিসকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। সালিসে নেতৃত্ব দেওয়া দুধখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মহসিন বেপারীকে গতকাল রোববার এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।শিরিনকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া এবং আত্মহত্যা করতে বাধ্য করার অভিযোগে তার মা হাজেরা বেগম গত শনিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাদারীপুর থানায় মামলা করেন। মহসিন বেপারী ছাড়া মামলার অন্য আসামিরা হলেন এওজ গ্রামের বাসিন্দা শাহ আলম হাওলাদার, আক্কাস মাতুব্বর, রশিদ আকন, এনামুল মুন্সী, ফজলু চৌকিদার ও কবির হাওলাদার। মামলায় অজ্ঞাত পরিচয়ের আরও পাঁচ থেকে সাতজনকে আসামি করা হয়েছে।এ ব্যাপারে মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মামলা করার আগেই মূল সালিসকারী মহসিনকে আটক করা হয়েছিল। মামলায় আসামি করার পর গতকাল তাঁকে মাদারীপুর মুখ্য বিচারিক হাকিম মাসুদ পারভেজের আদালতে হাজির করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডের আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।ওসি মনিরুজ্জামান বলেন, মহসিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।আইনি সহায়তা দেবে ব্র্যাক: এদিকে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি এবং মাদারীপুর লিগাল এইড অ্যাসোসিয়েশনের দুটি প্রতিনিধিদল গতকাল সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ গ্রামে শিরিনের বাড়ি ও বড়াইলবাড়ী দাখিল মাদ্রাসায় যায়। তারা শিরিনের পরিবার, গ্রামবাসী, মাদ্রাসার শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে কথা বলে।ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির মাদারীপুর ও শরীয়তপুরের নিজস্ব আইনজীবী এ বি এম জাহিদ হাসান বলেন, শিরিনের মামলায় তার পরিবারকে আইনি সহায়তা দেওয়া হবে। এ ছাড়া শিরীনের মা হাজেরা খাতুন দুধখালী ব্র্যাক কার্যালয়ের হতদরিদ্র কর্মসূচির সদস্য হওয়ায় তাঁকে ব্র্যাক থেকে অন্য সহায়তা দেওয়া অব্যাহত থাকবে।গত বৃহস্পতিবার শিরিনের একটি ছাগল প্রতিবেশী শাহ আলম হাওলাদারের চারা আমগাছের পাতা খেলে তার পায়ে লাঠি দিয়ে আঘাত করেন শাহ আলম। এতে ক্ষুব্ধ হয়ে শাহ আলমের দিকে মুঠোফোন ছুড়ে মারে শিরিন। এ নিয়ে পরদিন শুক্রবার সালিস বসলে শিরিনকে শাহ আলমের পায়ে ধরে ক্ষমা চাইতে বলেন মাতব্বররা। কিন্তু শাহ আলমকে কোনো শাস্তি দেননি তাঁরা। এ ঘটনায় ক্ষোভে-দুঃখে ওই দিন রাতে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে শিরিন।