ডেপুটি স্পিকার পদসহ আরও কয়েকজনকে মন্ত্রিত্ব দেওয়ার দাবি জাপার
শিরীন ও শওকতকে বহাল রাখতে আ.লীগে আলোচনা
সিদ্ধান্ত না হলেও বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শওকত আলীকেই স্বপদে বহাল রাখার ব্যাপারে আওয়ামী লীগের উচ্চপর্যায়ে আলোচনা আছে। সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের পর স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচন চূড়ান্ত করা হবে।
নির্বাচন কমিশন এখন পর্যন্ত মহিলা আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেনি। তবে ২৯ জানুয়ারি নতুন সংসদের প্রথম অধিবেশন বসার আগেই সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন শেষ হবে।
বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরী দশম সংসদ নির্বাচনে অংশ না নিলেও সংরক্ষিত আসনে তাঁকে নির্বাচিত করে আনা হবে বলে জানা গেছে। তিনি সংরক্ষিত আসনে সাংসদ নির্বাচিত হলে স্পিকার হতে তাঁর কোনো আইনি বাধা থাকবে না।
দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের উচ্চপর্যায় থেকে ডেপুটি স্পিকার পদে আবদুল মতিন খসরুকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ডেপুটি স্পিকার হতে আগ্রহ দেখাননি।
এদিকে জাতীয় সংসদে ডেপুটি স্পিকারসহ আরও কয়েকজনকে মন্ত্রিত্ব দেওয়ার দাবি তুলেছে জাতীয় পার্টি (জাপা)। গত মঙ্গলবার সকালে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের বাসভবনে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে সাংসদেরা এ দাবি তোলেন।
বৈঠক শেষে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের কাছে এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা সরকার ও বিরোধী দলে আছি। আমাদের দায়িত্ব অনেক বেশি। সংসদে একজন ডেপুটি স্পিকারসহ মন্ত্রিসভায় জাপা থেকে যেন আরও কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়, এটাই আমাদের চাওয়া।’
জাপার সরকারে ও বিরোধী দলে থাকা নিয়ে বিভিন্ন মহলের প্রশ্নের উল্লেখ করে আনিসুল ইসলাম বলেন, ‘অনেকে বলেন, জাপা কীভাবে একসঙ্গে সরকারি ও বিরোধী দলে থাকবে। আমরা বলব, পাকিস্তানে নওয়াজ শরিফের দল তো জারদারির মন্ত্রিসভায় ছিল। পরে তারা ক্ষমতায় এসেছে। আমাদেরও সেই সুযোগ রয়েছে।’
জি এম কাদেরকে প্রধামন্ত্রীর ছেড়ে দেওয়া রংপুর আসন থেকে নির্বাচিত করে আনার সম্ভাবনা আছে কি না—এ প্রশ্নের জবাবে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘আমাদের তো আসন শূন্য হয়নি। তবে আমরা প্রার্থী দিতে পারি। সেটা আলোচনা করে সিদ্বান্ত নেব।’
অবশ্য জাপার সংসদীয় দলের এ সভায় দলীয় চেয়ারম্যান এইচ এম এরশাদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার উপস্থিত ছিলেন না।
আওয়ামী লীগের উচ্চপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, জাপাকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার বিষয়টি এখনো সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা হয়নি।
মহিলা আসনে ফরম বিক্রি শুরু: সংসদের সংরক্ষিত মহিলা আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার প্রথম দিন ২০৯টি ফরম বিক্রি হয়েছে। মনোনয়নপ্রত্যাশীরা আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয় থেকে ফরম তুলতে পারবেন। আগামী রোববার বেলা তিনটায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
বিধি অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি মহিলা আসনে নির্বাচন করতে হয়। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মতে, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এখন পর্যন্ত হিসাবে আওয়ামী লীগ ৩৮, জাতীয় পার্টি ছয়, স্বতন্ত্র দুই এবং জাসদ ও ওয়ার্কার্স পার্টি একটি করে সংরক্ষিত আসন পাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত মঙ্গলবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়, ১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রি করা হবে। প্রতিটি ফরমের মূল্য ২৫ হাজার টাকা।