শিরীন শারমিনকে স্পিকার নির্বাচন করা নিয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শিরীন শারমিন চৌধুরীকে জাতীয় সংসদের স্পিকার নির্বাচন করার বৈধতা নিয়ে রিট আবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দাখিল করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ।

পরে ইউনূস আলী আকন্দ বলেন, সংবিধান ৭৪ অনুচ্ছেদ অনুসারে ৩০০ আসন থেকে সরাসরি নির্বাচিত সাংসদদের মধ্য থেকে প্রথম বৈঠকে স্পিকার নির্বাচিত করতে হবে। পরবর্তী সময়ে শূন্য হলে একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কিন্তু স্পিকার মহিলা আসন থেকে নির্বাচিত। এটা সংবিধানসম্মত নয় বলে রিটটি করা হয়।

রিটে স্পিকার, সংসদ সচিবালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে। তাঁকে স্পিকার করার গেজেটটি কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল চাওয়া হয়েছে। আর রুল শুনানি না হওয়া পর্যন্ত ওই গেজেটের কার্যকারিতা স্থগিতের আরজি জানানো হয়েছে বলে জানান আবেদনকারী।