শিরীষতলায় আত্মরক্ষার কৌশল

বিদ্যালয়ে পড়ুয়া কিশোরীরা যেমন আছে, তেমনি রয়েছেন চাকরিজীবী তরুণী। বাদ যাননি গৃহিণীরাও। বয়সের ফারাক থাকলেও সবার লক্ষ্য এক। গতকাল শুক্রবার সকাল নয়টায় চট্টগ্রাম নগরের সিআরবির শিরীষতলায় আত্মরক্ষার কৌশল শিখতে জড়ো হয়েছিলেন বিভিন্ন বয়সী ৩০ জন নারী।
ফেসবুকভিত্তিক তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্র্যাক প্লাটুন’ নারীদের আত্মরক্ষার কৌশল শেখানোর জন্য দুই দিনের কর্মশালার আয়োজন করেছে। গতকাল সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলেছে এই কর্মশালা। আজ শনিবারও একই সময়ে কর্মশালাটি অনুষ্ঠিত হবে।
ক্র্যাক প্লাটুনের আত্মরক্ষা কৌশল কর্মশালার প্রধান সমন্বয়ক আনন্দিতা ইসলাম প্রথম আলোকে বলেন, সিআরবির শিরীষতলায় প্রতিদিনই মেয়েদের সকাল সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত বিনা মূল্যে আত্মরক্ষার কৌশল শেখার প্রশিক্ষণ দেওয়া হয়। এ বিষয়ে সচেতনতা আরও বাড়ানোর জন্য দুই দিনের এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
আনন্দিতা বলেন, ২০১৫ সালে ঢাকায় টিএসসিতে বর্ষবরণ অনুষ্ঠানে নারী লাঞ্ছনার ঘটনার পর কয়েকজন মিলে তাঁরা সংগঠনটি চালু করেন। মেয়েদের আত্মরক্ষার কৌশল জানা থাকলে এ ধরনের ঘটনা ধীরে ধীরে কমে যাবে বলে মনে করেন তিনি।
গতকালের কর্মশালায় যোগ দেন গৃহিণী কুসুম হক। সুগন্ধা আবাসিক এলাকার বাসিন্দা এই গৃহিণী প্রশিক্ষণে অংশ নিতে পেরে খুবই খুশি। তিনি বলেন, সব বয়সী মেয়েদেরই এ ধরনের কৌশল শিখে রাখা দরকার। পথে-ঘাটে চলতে সাহস বাড়াবে এ ধরনের প্রশিক্ষণ। স্বামীর আগ্রহেই প্রশিক্ষণে এসেছেন বলে জানান তিনি।
ক্র্যাক প্লাটুনের প্রধান প্রশিক্ষক মো. ইমরান বলেন, দুই দিনের এই কর্মশালার প্রধান উদ্দেশ্য অংশগ্রহণকারীদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করা। কর্মশালায় আত্মরক্ষার কিছু মৌলিক কৌশল শেখানো হচ্ছে। দুই দিনে সব শেখানো সম্ভব নয়।
গতকালের কর্মশালায় ভাগনিকে নিয়ে অংশ নেন সরকারি চাকরিজীবী পাপিয়া দেবী। তিনি বলেন, কাজের কারণে প্রতিদিনই ঘরের বাইরে বের হতে হয়। রাস্তায় চলতে কিংবা বাসে চড়ার সময় হেনস্তা হতে হয়েছে অনেক সময়। সব সময়ই মনে হতো যদি আত্মরক্ষার কিছু কৌশল জানা থাকত!
প্রশিক্ষণে অংশ নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পিনাকী ভট্টাচার্য বলেন, এ ধরনের প্রশিক্ষণে তিনি আগেও অংশ নিয়েছেন।