শিরোপা জিতল খুলনা খঞ্জনীস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগে বিজয়ী সাব্বিরের নেতৃত্বে খুলনা খঞ্জনীস l প্রথম আলো
সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগে বিজয়ী সাব্বিরের নেতৃত্বে খুলনা খঞ্জনীস l প্রথম আলো

সংগীতে সেয়ানে সেয়ানে লড়াইয়ের কথা বহুকাল আগে শোনা যেত। সম্প্রতি দেশজুড়ে সংগীতের এক অভূতপূর্ব লড়াইয়ের আয়োজন করেছিল সেভেন আপ ও চ্যানেল আই। গানের সেই লড়াই ‘সেভেন আপ এমপিএল’-এর চূড়ান্ত প্রতিযোগিতা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল ঢাকায়।
গতকাল সন্ধ্যা থেকে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রি হলে বসেছিল সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগের চূড়ান্ত প্রতিযোগিতার আসর। প্রথম এই আয়োজনে বিজয়ী হয় খুলনা খঞ্জনীস। প্রতিযোগিতায় বিজয়ী দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ঢাকা ঢোলক্স। ঢাকা ঢোলক্স-এর হয়ে এতে অংশ নেন নাফিস, মাটি, শাহানজি ও আল সাবা এবং খুলনা খঞ্জনীস দলে ছিলেন রাখি, বনি, বিপুল ও সুজন।
গত রাতের প্রতিযোগিতায় দলবদ্ধভাবে, একক ও দ্বৈত কণ্ঠে এবং বিপরীত দলের শিল্পীদের সঙ্গে বেশ কয়েকটি রাউন্ডে গানের প্রতিযোগিতায় অংশ নেন শিল্পীরা। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে মতামত জানান বিজ্ঞ তিন বিচারক শিল্পী শাকিলা জাফর, পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদার। অনুষ্ঠানে গান গেয়েও শোনান এই তিন বিচারক শিল্পী।
নায়ক সালমান শাহর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষেÿতাঁর সিনেমার বেশ কয়েকটি গান নিয়ে কোরিওগ্রাফিতে অংশ নেন নায়ক ফেরদৌস ও মডেল তানজিন তিশা।
গত এপ্রিল মাস থেকে সারা দেশের আনাচকানাচ ঘুরে সংগীতপ্রতিভাদের খুঁজে বের করে আনা হয় সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগের এই আয়োজনে। বিভিন্ন ধাপে অডিশন শেষে বাছাই করা শিল্পীদের আটটি দলে ভাগ করে অনুষ্ঠিত হয় লিগের গ্রুপ পর্ব। গ্রুপ পর্বের প্রতিযোগিতায় অংশ নেয় ঢাকা ঢোলক্স, খুলনা খঞ্জনীস, চিটাগং চাইমস, বরিশাল বিট্স, রংপুর রকার্স, কুমিল্লা কোরাস, সিলেট সারগাম্স ও রাজশাহী রিদম্স। গ্রুপ পর্ব শেষে সেমিফাইনাল ও সেখান থেকে চূড়ান্ত প্রতিযোগিতায় উঠে আসে শিল্পী সাব্বিরের খুলনা খঞ্জনীস ও নিশিতার দল ঢাকা ঢোলক্স।
রোমাঞ্চকর এ সংগীত-লড়াইয়ের মাধ্যমে বিজয়ী দল জিতে নেয় ১০ লাখ টাকা পুরস্কার। রানার্সআপ দল পায় ৫ লাখ টাকা। এ ছাড়া সেরা শিল্পী হন ঢাকা ঢোলকসের মাটি। তাঁর জন্য কুড়কুড়ে ও ট্রান্সকম ডিজিটালের পক্ষ থেকে ছিল পুরস্কার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কুদ্দুস চৌধুরী, প্রধান বিপণন কর্মকর্তা আরিফ হোসেন, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, এশিয়াটিক থ্রি সিক্সটির চেয়ারম্যান আলী যাকের, ব্যবস্থাপনা পরিচালক সারা যাকের, কুড়কুড়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী অপি করিম প্রমুখ।
সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগের প্রধান পৃষ্ঠপোষক ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক খুরশীদ ইরফান চৌধুরী বলেন, ‘সংগীতের সঙ্গে আমরা সব সময় আছি। ব্যতিক্রম এ আয়োজনের জন্য দর্শকদের কাছ থেকে যে সাড়া পেয়েছি, তাতে আমরা অভিভূত। সামনে আরও বড় ও আরও ভিন্ন আঙ্গিকে আমরা এ আয়োজন করব।’
শাইখ সিরাজ বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে যাতে আরও মেধাবীরা আসতে পারে, সে জন্যই এই আয়োজন। এই প্রতিযোগিতার মাধ্যমে যারা উঠে আসবে তাদের সবাইকে এই জগতে স্বাগতম।’