গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু
রাজশাহীতে গণপিটুনির পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, ওই যুবকের বিরুদ্ধে মাদকের মামলা ছিল। কিন্তু পরিবারের দাবি, তিনি মাদকবিরোধী ছিলেন।
মারা যাওয়া যুবকের নাম আবদুর রাজ্জাক (৩০)। আজ শুক্রবার বেলা সাড়ে ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গত ৬ আগস্ট নিজ এলাকায় ‘গণপিটুনির’ শিকার হন তিনি। রাজ্জাকের বাড়ি রাজশাহী নগরের শিরোইল কলোনির হাজরাপুকুর এলাকায়।
নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘গত ৬ আগস্ট রাতে স্থানীয় লোকজন রাজ্জাককে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেন। তখন পুলিশকে জানানো হয়, রাজ্জাক এলাকায় মাদক ব্যবসা করেন। তাঁর কাছে ৪৮টি ইয়াবা বড়ি পাওয়া গেছে। সেগুলো পুলিশ জব্দ করে।’ তিনি জানান, রাজ্জাকের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে থানায় দুইটি মামলা আছে।
রাজ্জাকের ছোট ভাই শাহিন আলম প্রথম আলোকে বলেন, তাঁর ভাই মাদক ব্যবসা করতেন না। বরং তিনি এলাকায় মাদক ব্যবসার বিরোধিতা করতেন। এ জন্য এলাকার কয়েকজন মাদকসেবী তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে রড দিয়ে পেটান। পরে ইয়াবা বড়ি দিয়ে তাঁকে ফাঁসানো হয়। শাহিন আরও জানান, রাজ্জাক পেশায় ভাঙারি ব্যবসায়ী ছিলেন।
ওসি হুমায়ুন কবির আরও বলেন, আহত অবস্থায় রাজ্জাককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৪৮ পিচ ইয়াবা জব্দ দেখিয়ে রাজ্জাকের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়। সে মামলায় রাজ্জাককে গ্রেপ্তারও দেখানো হয়। এরপর থেকে পুলিশ হেফাজতে তাঁর চিকিৎসা চলছিল।
ওসি বলেন, ঘটনার দিন যারা মারপিট করেছিলেন তাঁদের নাম মৃত্যুর আগে রাজ্জাক বলে গেছেন। পরিবারের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।